ম্যাচের মাঝেই সাজঘরে বসে ধূমপান? রিয়ান পরাগের কর্মকাণ্ডে শোরগোল

ম্যাচের মাঝেই সাজঘরে বসে ধূমপান? রিয়ান পরাগের কর্মকাণ্ডে শোরগোল

মুল্লানপুর: বিতর্ক যেন কিছুতেই রিয়ান পরাগের (Riyan Parag) পিছু ছাড়েনা। অতীতে তাঁর সার্চের ইতিহাস ভাইরাল হওয়ায় তিনি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন। রিয়ানকে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কম সমালোচনা হয়নি। চলতি আইপিএলে (IPL 2026) অবশ্য রিয়ানের দল বেশ ভালই পারফর্ম করছে। আপতত নয় ম্য়াচের মধ্যে ছয় ম্যাচ জিতে তারা লিগ তালিকায় তৃতীয় স্থানে। প্রথম দল হিসাবে এ মরশুমে পঞ্জাব কিংসকেও হারিয়েছে রয়্যালসরা (PBKS vs RR)। তবে সেই স্মরণীয় জয়ের দিনেও সেই বিতর্কে রিয়ান।

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২২৩ রান তাড়া করতে নেমে দল দুই উইকেট হারানোর পর রিয়ান ব্যাটে নেমেছিলেন। ১৬ বলে তাঁর ২৯ রানের ইনিংসে রিয়ানকে বেশ ছন্দেও দেখাচ্ছিল। যদিও শেষমেশ যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে রিয়ান আউট হন। তবে এদিন তাঁর সমালোচনা কিন্তু তাঁর ইনিংসের জন্য হচ্ছে না, হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর একটি ভিডিওকে ঘিরে।

ম্যাচের মাঝে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের সময় ক্যামেরা রয়্যালসের সাজঘরে তাক করেছিল। ঠিক তখনই দেখা যায় রয়্যালস অধিনায়ক রিয়ান সতীর্থ যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুড়েলের উপস্থিতিতে, তাঁদের সামনেই ভেপ টানছেন। নির্দিষ্ট স্থান ছাড়া, আইপিএলে সাজঘরের মতো জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, ২০১৯ সালে PECA নিয়ম অনুযায়ী ভারতে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে মোটা জরিমানা, এমনকী জেল পর্যন্ত হতে পারে।

প্রশ্ন উঠছে যেখানে ধূমপান করাই সাজঘরে নিষিদ্ধ সেখানে কীভাবে ভেপ, যা ভারতীয় আইন অনুযায়ী নিষিদ্ধ, সেই দ্রব্য সেবন করছেন রিয়ান? এই ঘটনা একদিকে যেমন পাবলিক ফিগারের সর্বসমক্ষে এমন ধূমপান করায়, তাঁর নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে, পাশাপাশি অ্যাথলিট হিসাবে তাঁর পেশাদারিত্ব নিয়েও উঠে প্রশ্ন। সর্বোপরি ভারতীয় নাগরিক হিসাবে রিয়ান পরাগ সম্পূর্ণ আইনবিরোধী এই কাজ কীভাবে করলেন, তা নিয়েই অনেকে তাজ্জব হয়ে যাচ্ছেন।

 

এই ঘটনার ফলে রিয়ান কিন্তু অদূর ভবিষ্যতে বিপাকে পড়তে পারেন। তাঁর বিরুদ্ধে আইনি তদন্ত পর্যন্ত হতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। স্বাভাবিকভাবেই ম্য়াচ জিতেও ফের একবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।



Post Comment

You May Have Missed