ফের এক ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী, এবার ভাঙল আন্দ্রে রাসেলের রেকর্ড
মুল্লানপুর: চলতি মরশুমে আইপিএলের ৪০তম ম্য়াচে এসে অবশেষে পঞ্জাব কিংসের বিজয়রথ থামল। শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে প্রথম দল হিসাবে এ মরশুমে দুই পয়েন্ট অর্জন করল রাজস্থান রয়্যালস (PBKS vs RR)। ২২৩ রান তাড়া করতে নেমে রাজস্থান এদিন ছয় উইকেট ও চার বল বাকি রেখেই ম্যাচ জিতে যায়। এই ম্যাচেই কিন্তু ফের একবার ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
১৫ বছরের বৈভবের জন্য আইপিএলে ইতিহাস গড়াটা যেন তার ছেলেবেলায় সত্যিই এক ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে এদিন বেশ চ্যালেঞ্জিং এক টার্গেট তাড়া করতে নেমে এদিন বৈভব বিরাট বড় রান পায়নি তবে সে নিজের ভূমিকাটা পালন করেছে। দলের হয়ে বাঁ-হাতি ওপেনার নিজের স্বভাবচিত আগ্রাসী ভঙ্গিমায় তিনটি চার ও পাঁচটি ছক্কার সুবাদে ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে।
প্রথম ওভারেই সে ইনিংসের গতি সেট করে দেয়। অর্শদীপকে একটি ছক্কা ও দুইটি চার মারে বৈভব। পরের ওভারে লকি ফার্গুসনও তার হাত থেকে রেহাই পায়নি। সেই ওভারে একটি বাউন্ডারি ও দুইটি ছক্কা মেরে নিজের আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখে বৈভব। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়েই সে অর্শদীপের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা দেয়। অর্ধশতরান হাঁকাতে না পারলেও, এই ৪৩ রানের ইনিংসই বৈভবকে এক বিশেষ তালিকায় সবার উপরে পৌঁছে দিল।
চলতি মরশুমে বৈভব ইতিমধ্যেই নয় ম্যাচ খেলে ২৩৮.০৯ স্ট্রাইক রেট এবং ৪৪.৪৪ গড়ে চারশো রান করে ফেলেছে। একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি রয়েছে তার দখলে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ৪৩ রানের ইনিংস কিন্তু ফের একবার বৈভবকে চলতি মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে পৌঁছে দিয়েছে। ফের একবার সে পেয়ে গিয়েছে ‘অরেঞ্জ ক্যাপ’। তবে উল্লেখযোগ্য বিষয় হল বৈভব বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, অভিষেক শর্মাদের আগে এ মরশুমে চারশো রানের গণ্ডি তো পার করেইছে, সে গণ্ডি পার করতে নিয়েছে মাত্র ১৬৭ বল।
আইপিএলের ১৯ বছরের ইতিহাসে মোট ২২৯ বার এক মরশুমে কোনও ব্যাটার চারশো বা তার অধিক রান করেছে। তবে এত কম বলে চারশো রান করার কৃতিত্ব আর কারুর নেই। বৈভব এক্ষেত্রে আন্দ্রে রাসেলের রেকর্ড ভাঙল। রাসেল ২০১৯ সালে কেকেআরের হয়ে ১৮৮ বলে চারশো রান করেছিলেন। বৈভব তার থেকেও ২১ বল কম খেলে এই গণ্ডি পার করল, আর তৈরি হল আরও এক নতুন ইতিহাস।



Post Comment