যশস্বী ও ডোনভন ফারেইরার অর্ধশতরানে পঞ্জাব কিংসের বিজয়রথ থামাল রাজস্থান রয়্যালস

যশস্বী ও ডোনভন ফারেইরার অর্ধশতরানে পঞ্জাব কিংসের বিজয়রথ থামাল রাজস্থান রয়্যালস

মুল্লানপুর: অবশেষে থামল পঞ্জাব কিংসের অপ্রতিরোধ্য দৌড়। মরশুমে প্রথমবার হারতে হল গতবারের ফাইনালিস্টদের। ২২৩ রান তাড়া করতে নেমে শুরুতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং এবং শেষের দিকে ডোনভন ফারেইরা (Donovan Ferreira) এবং শুভম দুবের পরিপক্ক ইনিংস রাজস্থান রয়্যালসকে (Punjab Kings vs Rajasthan Royals) মরশুমের ষষ্ঠ জয় এনে দিল। চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যালসরা। 

রান তাড়া করতে নেমে বৈভব নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ব্যাটিং করতে শুরু করে। প্রথম ওভারেই সে অর্শদীপকে একটি ছক্কা ও দুইটি চার মারে। পরের ওভারে লকি ফার্গুসনকে একটি বাউন্ডারি ও দুইটি ছক্কা মেরে নিজের আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখে বৈভব। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়েই সে অর্শদীপের বলে ধরা দেয়। ১৬ বলে তার সংগ্রহ ৪৩ রান। অপরপ্রান্তে অবশ্য যশস্বী জয়সওয়াল আগ্রাসী মেজাজেই ব্যাটিং করছিলেন। দেখতে দেখতে অর্ধশতরানও পার করে ফেলেন যশস্বী।

পরিস্থিতি বুঝে খানিকটা দেখেশুনে খেলার সিদ্ধান্ত নেন ধ্রুব জড়েল। তবে শতরানের গণ্ডি পার করার পরেই মাত্র ১০ বলের ব্যবধানে যশস্বী ও ধ্রুব উভয়কেই সাজঘরে ফেরান পঞ্জাব কিংসের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও হরপ্রীত ব্রার। ছন্দে দেখানো রিয়ান পরাগ ২৯ রানে চাহালের বলে ধরা দিলে রাজস্থানে চাপ আরও বাড়ে। এমন পরিস্থিতিতে রয়্যালসরা শুভম দুবেকে ইমপ্যাক্ট সাব হিসাবে নামানোর সিদ্ধান্ত নেয়। দুবে হতাশ করেননি। ডোনভন ফারেইরার সঙ্গে মিলে তিনি বেশ গতিতেই ইনিংস এগিয়ে নিয়ে যান। অর্শদীপকে এক ওভারে তিনটি বাউন্ডারি মারেন, পরের ওভারে জানসেনকে চার ও ছক্কা হাঁকান।

তিন ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজনীয় রান সংখ্যা দাঁড়ায় ৩৫। এমন পরিস্থিতিতে ১৮তম ওভার করতে আসা অর্শদীপের বিরুদ্ধে ফের একবার আক্রমণের পথ বেছে নেন ডোনাভন। দেখতে দেখতে মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। পঞ্জাব কিংস বোলারদের শেষের দিকে ফারেইরাদের আগুনে ব্যাটিংয়ের বিরুদ্ধে খানিকটা অসহায়ই দেখাচ্ছিল। ফলত যা হওয়ার তাই হল। সহজে ম্য়াচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। প্রথম দল হিসাবে পঞ্জাবের থেকে দুই পয়েন্ট নিতে সক্ষম হয় তাঁরা। তবে এই ম্যাচ হারলেও কিংসরা কিন্তু এখনও লিগ তালিকার শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখল।      

Post Comment

You May Have Missed