গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!
করাচি: পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক। গুরুতর অভিযোগ মহম্মদ নওয়াজের (Mohammad Nawaz) বিরুদ্ধে। শুরু হল তদন্ত!
পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে রিক্রিয়েশনাল ড্রাগ সেবনের অভিযোগ উঠেছে। যে ড্রাগ চিকিৎসার জন্য ওষুধ হিসাবে নয়, বরং নেওয়া হয় নেশাসক্তির জন্য, কীংবা কোনও উদ্দীপক হিসাবে। ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে সারে-র হয়ে খেলার কথা ছিল পাক তারকার। কিন্তু সেই চুক্তিও ভেস্তে যাওয়ার পথে!
পাকিস্তানের টি-২০ স্পেশ্যালিস্ট ক্রিকেটার মহম্মদ নওয়াজ। পাক ক্রিকেট দলের হয়ে ৯৮টি টি-২০ ম্যাচে খেলেছেন। আইসিসি-র ডোপিং বিরোধী ইউনিটের তদন্তের আওতায় আনা হচ্ছে তাঁকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এ নিয়ে এখনও সরাসরি কিছু জানানো হয়নি। তবে পাক ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বুধবার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে জানিয়েছে। পিসিবি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলছে। কী ফলাফল হচ্ছে, সেটা আজই আইসিসিকে জানিয়ে দেওয়া হবে।’
তবে চমকে ওঠার মতো আরও তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মহম্মদ নওয়াজের যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সময়কার। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের সময় পাক ক্রিকেটারের থেকে সংগৃহীত নমুনায় নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে হাইব্রিড মডেলের জন্য টি-২০ বিশ্বকাপে নিজেদের সব ম্যাচই শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল পাক দল।
৩২ বছরের পাক ক্রিকেটার মহম্মদ নওয়াজ পাকিস্তানের হয়ে টি-২০ বিশ্বকাপের সাতটি ম্যাচেই খেলেছিলেন। টি-২০ বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল পাকিস্তান। সেখান থেকেই বিদায় নিতে হয় সলমন আলি আঘাদের। টুর্নামেন্টে মহম্মদ নওয়াজ ব্যাট হাতে ১৫ রান ও বল হাতে সাত উইকেট নেন।
ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে সারের সঙ্গে চুক্তি হয়েছিল নওয়াজের। গোটা টুর্নামেন্টেই তাঁকে পাওয়ার কথা ছিল। ২৬ মে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ১৮ জুলাই পর্যন্ত। পিসিবি নওয়াজকে নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছিল। তবে নওয়াজ আর এই টুর্নামেন্টে খেলবেন না বলেই খবর। সারের সঙ্গে তাঁর চুক্তিও বাতিল করা হচ্ছে।
কিন্তু ঘটনা হচ্ছে, চলতি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলছেন নওয়াজ। মঙ্গলবার রাতেই করাচিতে রাওয়ালপিন্ডিজ়ের বিরুদ্ধে মুলতান সুলতান্সের ৬ উইকেটে জয়ের ম্যাচে তিনটি ওভার বলও করেছিলেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।



Post Comment