‘কংগ্রেসের হয়ে ভোট করলে এমন শাস্তি দেওয়া উচিত…’ শতাব্দীর হুঁশিয়ারিতে তোলপাড়, কী বলেছেন সাংসদ

‘কংগ্রেসের হয়ে ভোট করলে এমন শাস্তি দেওয়া উচিত…’ শতাব্দীর হুঁশিয়ারিতে তোলপাড়, কী বলেছেন সাংসদ

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মুখেও বীরভূমে (Birbhum) কি রাশ টানা গেল না তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে? সাংসদ শতাব্দী রায়ের (TMC MP Shatabdi Roy) বক্তব্য ঘিরে উঠল সেই প্রশ্নই। কংগ্রেসের (Congress) হয়ে ভোট করবেন ভাবলে এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ছেলে-মেয়েও কোনওদিন বিরোধিতা করতে না পারে। তৃণমূল সাংসদের এই বক্তব্যের পরই নিশানা করেছে বিজেপি (BJP)। 

মুরারইয়ের সভা থেকে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, ‘যদি আপনি ভাবেন কংগ্রেসের হয়ে ভোট করবেন, এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ছেলে-মেয়েও কোনওদিন বিরোধিতা করতে না পারে।’ বীরভূম, অনুব্রত মণ্ডলের জেলা। তৃণমূলের গড়। কিন্তু, বিধানসভা ভোটের মুখে সেখানে কি তৃণমূলের গলার কাঁটা হয়ে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব? জল্পনা উস্কে দিল বীরভূমেরই তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের এই হুঁশিয়ারি। 

সোমবার বীরভূমের মুরারইয়ে খান ক্রিকেট গ্রাউন্ডে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। তৃণমূলনেত্রী আসার আগে, মঞ্চে বক্তব্য রাখছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানেই তিনি সরাসরি দলের একাংশের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন। এদিন শতাব্দী বলেন, ‘মুরারইতে যারা দলে থেকে বিরোধিতা করছেন, দিদি আসলে বলব এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। বিরোধী আসনে থেকে বিরোধিতা করুন আপনাকে স্যালুট জানাব। কিন্তু দলে থেকে, পাশে বসে যদি আপনি ভাবেন কংগ্রেসের হয়ে ভোট করবেন, এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ছেলে-মেয়েও কোনওদিন বিরোধিতা করতে না পারে।’ এখানেই থামেননি সাংসদ। শতাব্দী আরও বলেন, ‘এখনও সময় আছে। দলে থাকতে হলে, দলের হয়ে ভোট করুন। দলে না থাকতে হলে, যেখানে খুশি, যে কোনও দলে যান। আমরা আপনাদের সম্মান দেব।’ 

এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বীরভূম সাংগাঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘তৃণমূল যাচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসছে। এটা ওনাদেরই দুর্ভাগ্যের বিষয় যে স্বয়ং দলের সুপ্রিমো যে স্টেজে থাকে, সেই স্টেজ থেকে এই লোকসভার শতাব্দী রায়, ওনাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘গোষ্ঠীদ্বন্দ্ব পুরো জেলাতে একদম ব্যাপকভাবে, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। সেইজন্য ওনারা বুঝতে পারছেন ওনাদের মুরারইয়ের প্রার্থী গ্রামে ঢুকতে পারছে না। আর কংগ্রেসের প্রার্থী একেবারে হৈ হৈ করে ওখানে প্রচার করছে।’ 

মুরারইয়ে এবার তৃণমূল প্রার্থী করেছে গতবারের বিধায়ক মোশারফ হোসেনকে। বিজেপি এখানে প্রার্থী করেছে রিঙ্কি ঘোষকে। আর কংগ্রেস এখানে প্রার্থী করেছে সঞ্জিবউর রহমানকে। ২৩শে এপ্রিল প্রথম দফাতেই ভোট রয়েছে বীরভূমের মুরারইতে। 

Previous post

পেনশন খাতেও এবার ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ ! সংসদের পরবর্তী অধিবেশনেই আসতে পারে বিল ?

Next post

West Bardhaman News: দুর্গাপুর ইসকনে খুঁটি পুজো দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু, পুরীর ধাঁচে মহাপ্রসাদের পরিকল্পনা! বাড়তি সময় কাজে লাগাচ্ছে মন্দির কর্তৃপক্ষ

Post Comment

You May Have Missed