‘ভারত ও অস্ট্রেলিয়া থেকে নাগরিকত্ব ও ক্রিকেট খেলার অফার পেয়েছিলাম’, দাবি আফগান ক্রিকেটারের
নয়াদিল্লি : ভারত-সহ দুই দেশ তাঁকে নাগরিকত্ব দিতে চেয়েছিল। তাদের হয়ে খেলার কথাও বলেছিল। কিন্তু, তিনি সেই অফার প্রত্যাখ্যান করেছেন এবং নিজের দেশের প্রতি অনুগত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমনই দাবি করলেন আফগান ক্রিকেটার রশিদ খান। ২৭ বছরের এই ক্রিকেটার আফগানিস্তানের অন্যতম সফল ক্রিকেটার। তাঁর আসন্ন বই রশিদ খান : ফ্রম স্ট্রিটস টু স্টারডম বইয়ে এই দাবি করেছেন। বইয়ে তিনি উল্লেখ করেছেন, “আমি এরকম (নাগরিকত্ব ও খেলার) অফার পেয়েছিলাম অস্ট্রেলিয়া ও ভারত থেকে। কিন্তু আমি ওদের বলে দিয়েছি, যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তাহলে আমি অন্য কোনও দেশের হয়েও খেলব না।”
অস্ট্রেলিয়ার তরফে তাঁকে কী বলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না করলেও, ভারতের প্রসঙ্গ বিস্তারিত বলেছেন তিনি। গুজরাত টাইটানসের হয়ে তখন আইপিএল খেলছেন তিনি। সেই সময় দলেরই এক অফিসিয়াল নাকি তাঁকে জানান যে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একজন উচ্চ পদের অফিসার তাঁর সঙ্গে দেখা করতে চান। সেই প্রসঙ্গের উল্লেখ হিসাবে রশিদ বলেন, “আমি দেখা করতে গিয়েছিলাম এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করি। আমরা কথা বলা শুরু করি। উনি বলেন, ‘তোমার দেশের (আফগানিস্তান) পরিস্থিতি খুব খারাপ। ভারতে এসে থাকো। আমরা তোমাকে ভারতীয় নথি দেব, এখানে থাকো, এখানে ক্রিকেট খেলো।’ উনি কী বলছেন তা শুনে আমি অবাক হয়ে যাই। বুঝতে পারছিলাম না, কীভাবে উত্তর দেব। কিন্তু, আমি হেঁসে তাঁকে বলি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার দেশের হয়েই খেলছি, আফগানিস্তান।”
তবে, এর আগেও দেশের প্রতি তাঁর অনুগত থাকার বিষয় উঠে এসেছে খবরের শিরোনামে। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন রশিদ। ১০ বলে ৩৪ রান করার পাশাপাশি, ৩ উইকেটও তুলে নিয়েছিলেন। যার জেরে ভারতে সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেক ফ্যানই সরকারের উদ্দেশে আর্জি জানান, তাঁকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এমনকী একাধিক পোস্টে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগও করা হয়েছিল। যিনি উত্তরে বলেছিলেন, নাগরিকত্বের বিষয় দেখে স্বরাষ্ট্র-মন্ত্রক। অন্যদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছিলেন, রশিদ জাতীয় গর্ব। রশিদও পরে ঘনিকে ধন্যবাদ জানিয়ে, দেশের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করেছিলেন। Rashid Khan News



Post Comment