East Bardhaman News: কাটোয়ায় যক্ষ্মার বাড়বাড়ন্ত! কোন কোন এলাকায় প্রকোপ বেশি, সংক্রমণ কীভাবে ছড়াচ্ছে জানুন
Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমানের কাটোয়ায় উদ্বেগজনক ছবি! চিকিৎসা পরিষেবা এবং নিয়মিত সচেতনতা প্রচার সত্ত্বেও বাড়ছে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়ানোর অন্যতম কারণ হিসেবে কী কী উঠে আসছে জানুন।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমানের কাটোয়ায় যক্ষ্মা রোগের প্রকোপ স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়াচ্ছে। নিয়মিত সচেতনতা প্রচার ও চিকিৎসা পরিষেবা চালু থাকলেও নতুন রোগীর সংখ্যা কমছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অতিরিক্ত মদ্যপানের আসক্তি, অপুষ্টি ও ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়াই অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানান, যক্ষ্মা রোধে নিয়মিত প্রচার চালানো হচ্ছে এবং আক্রান্তদের ওষুধ নিয়ম মেনে খাওয়ার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কাটোয়া ও দাঁইহাট শহর এবং কাটোয়া ১ ও ২ ব্লকের প্রায় ২ লক্ষ ৯০ হাজার বাসিন্দাকে নিয়ে তৈরি করা সমীক্ষা রিপোর্টে দেখা যায়, ২০২৫ সালে কাটোয়া ১ ব্লকে ৩৯৫ জন এবং কাটোয়া ২ ব্লকে ১৪২ জনের শরীরে যক্ষ্মার জীবাণু ধরা পড়েছে। গত বছরে মহকুমা হাসপাতালে ১৭৩ জন নতুন রোগী চিহ্নিত হন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের গ্লোবাল রিপোর্ট অনুযায়ী যেখানে দেশে যক্ষ্মার প্রকোপ ২১ শতাংশ কমেছে এবং চিকিৎসার আওতায় রোগী সংখ্যা বেড়েছে, সেখানে কাটোয়ায় নতুন সংক্রমণ বৃদ্ধিই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যকর্মীদের মতে, সচেতনতা বাড়লেও অনেক ক্ষেত্রেই দারিদ্র্য ও জীবনযাত্রার কারণে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়ছে। যক্ষ্মা রোগীর সংস্পর্শে আসার ফলেও অনেকে আক্রান্ত হচ্ছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal




Post Comment