প্রয়োজনে সাসপেন্ড ও বদলি, সরকারি প্রকল্পের কাজে গতি আনতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি ও সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা বৈঠকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি দ্রুত ফলাফল চাই।’

কড়া বার্তা শুভেন্দুর
কড়া বার্তা শুভেন্দুর

কলকাতা: আবাস যোজনা, ১২৫ দিনের কাজ থেকে জল জীবন মিশন—একাধিক সরকারি প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কাজে গাফিলতি হলে প্রয়োজনে আধিকারিকদের সাসপেন্ড করারও হুঁশিয়ারি দিলেন তিনি। বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বিজেপির সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি ও সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা বৈঠকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি দ্রুত ফলাফল চাই।’

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের অধীনে সমস্ত অর্ধসমাপ্ত বাড়ির নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভিবি-জি রামজি বা ১২৫ দিনের কাজের প্রকল্পের অগ্রগতি অত্যন্ত খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকজন বিডিওর আগ্রহের অভাব রয়েছে বলেও বৈঠকে উঠে আসে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিডিওদের বদলি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কাজের গতি বাড়াতে ব্যাপক প্রচার অভিযান চালানোর কথাও বলেন তিনি।

জল জীবন মিশনের অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্রুত কাজ শেষ করার পাশাপাশি দায়িত্বে থাকা আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

অন্যদিকে, স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পগুলির অগ্রগতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত প্রকল্পের রিপোর্ট ভালো হলেও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানান তিনি। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পরিস্থিতির উন্নতি করার নির্দেশ দেওয়া হয়।

তবে কৃষক বন্ধু প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পকে আরও ভালোভাবে কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে দপ্তরের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। আগামী ৫ নভেম্বর হুগলি সফরের আগেই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি রাজ্যের সমস্ত তফসিলি উপজাতি পরিবারের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কাজে গতি আনাই ছিল এদিনের পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment

You May Have Missed