West Medinipur News: মোবাইল কিনে বাজিমাত, পুজো অফারে ৩ লাখ টাকার বিলাসবহুল বাইক পেলেন চাষি
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের বেলদার এক চাষি ছেলের জন্য মোবাইল ফোন কিনতে গিয়ে লাকি ড্র-তে প্রায় তিন লক্ষ টাকা দামের হার্লে ডেভিডসন বাইক জিতে নিয়েছেন। এই অপ্রত্যাশিত সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দের জোয়ার বইছে।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোয় ছেলের আবদার মেটাতে গিয়ে যেন হাতে চাঁদ পেলেন এক সাধারণ কৃষক বাবা। ছেলের পছন্দের স্মার্টফোন কিনতে গিয়ে অভাবের সংসারে আচমকাই খুলল ভাগ্য। পুজো অফারের লাকি ড্র-তে তিনি জিতে নিলেন প্রায় তিন লক্ষ টাকা দামের নামীদামি ‘হার্লে ডেভিডসন’ বাইক। পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকার এই ঘটনায় পরিবারে এখন খুশির জোয়ার।
ঘটনাটি বেলদার দেউলি এলাকার। সেখানকার বাসিন্দা হীরালাল ঘোষাল পেশায় একজন চাষি। চাষবাস করে অনেক কষ্টে সংসার চালান তিনি। পুজোর মরশুমে ছেলের জন্য একটি ভালো মোবাইল কেনার ইচ্ছে ছিল তাঁর। সেই সঙ্গে পুজো উপলক্ষে কোনও ছাড় বা অফার মিলবে, এই আশায় ছেলেকে সঙ্গে নিয়ে বেলদার সাহা মোবাইলে যান তিনি। সেখানে ছেলের পছন্দ অনুযায়ী ৫৩ হাজার টাকা দিয়ে একটি ‘স্যামসাং গ্যালাক্সি’ মডেলের ফোন কিনে দেন।
হীরালালবাবু জানান, তিনি খুবই সাধারণভাবে ছেলের জন্য দোকানে ফোন কিনতে এসেছিলেন। পুজোর মরশুমে ফোন কিনলে কিছুটা দাম কম পাওয়া যেতে পারে কিংবা ভালো কোনও অফার মিলবে— কেবল এইটুকুই ভেবেছিলেন তিনি। কিন্তু সামান্য দাম কমে ফোন পাওয়ার আশায় এসে যে আস্ত একটি দামি বাইক পেয়ে যাবেন, তা তিনি ভাবতেই পারেননি। দোকান থেকে খুশির এই খবর পাওয়ার পর থেকেই পরিবার ও পরিজনদের মধ্যে আনন্দের হাওয়া বইছে।
চাষ করে দিন চালানো এক পরিবারের কাছে তিন লাখ টাকার বিলাসবহুল বাইক জেতা সত্যিই স্বপ্নের মতো। জানা গিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই নতুন বাইকটি তুলে দেওয়া হবে। খবরটি ছড়িয়ে পড়তেই দেউলি গ্রামে হীরালালবাবুর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশী ও পরিচিতরা। ছেলের জন্য ফোন কিনতে গিয়ে পুজোতেই এমন অভাবনীয় উপহার মেলায় পরিবার জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মেজাজ।

Post Comment