Durgapur Tarakeswar Bus Service: তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য বিরাট উপহার SBSTC’র, চালু হয়ে গেল নতুন বাস! সময়সূচী, রুট জেনে নিন
Last Updated:
Durgapur Tarakeswar Bus Service: শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ট্রেন বদলের দীর্ঘ ভোগান্তি এড়িয়ে দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বর যাওয়ার নতুন বিশেষ বাস পরিষেবা চালু হল। প্রতি রবিবার দুর্গাপুর থেকে বাসটি ছেড়ে শেওড়াফুলি হয়ে পৌঁছবে তারকেশ্বরে। যা পুণ্যার্থীদের যাত্রাপথকে সহজ ও আরামদায়ক করবে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় শিব ভক্তদের উৎসব। বাবা তারকনাথের মাথায় জল ঢালতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান তারকেশ্বর ধামে। তবে এবার পুণ্যার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব করতে বিরাট পদক্ষেপ করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। ট্রেনের ভিড় ও বার বার গাড়ি বদলের যন্ত্রণা এড়িয়ে ভক্তরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন, তার জন্য সূচনা হল বিশেষ সরাসরি বাস পরিষেবার।
এত দিন পর্যন্ত শিল্পাঞ্চল দুর্গাপুর কিংবা পার্শ্ববর্তী অঞ্চল থেকে তারকেশ্বর যাওয়ার যাত্রা বেশ ক্লান্তিকর। ভক্তদের প্রথমে ট্রেনে চেপে পৌঁছতে হত বর্ধমান স্টেশনে। এরপর সেখানে লোকাল ট্রেন বদলে যেতে হত শেওড়াফুলি। সেখান থেকে আবার পথ হেঁটে কিংবা অন্য গাড়িতে করে পৌঁছতে হতো তারকেশ্বর মন্দিরে। এই দীর্ঘ যাত্রায় ভোগান্তির মুখে পড়তে হত পুণ্যার্থীদের। তবে এই নতুন সরকারি বাস পরিষেবা চালু হওয়ার ফলে কোনও ঝামেলা রইল না। সরাসরি দুর্গাপুর থেকেই বাসে চেপে পুণ্যার্থীরা পৌঁছে যেতে পারবেন শিবক্ষেত্রে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, শ্রাবণ মাসের ভক্তদের সুবিধার্থেই এই বিশেষ পরিষেবা সাজানো হয়েছে। প্রতি রবিবার দুর্গাপুর স্টেশন বাস টার্মিনাস থেকে ছাড়বে এই বিশেষ বাসটি। রবিবার রওনা দিয়ে পরের দিন সোমবার বাসটি পৌঁছবে তারকেশ্বর। বাসটি দুর্গাপুর থেকে ছেড়ে শেওড়াফুলি হয়ে তারকেশ্বর পৌঁছবে। যে সমস্ত পুণ্যার্থী শেওড়াফুলির গঙ্গাঘাট থেকে জল ভরে পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা করতে পছন্দ করেন, তাঁদের সুবিধার্থে শেওড়াফুলিতে বাসটির বিশেষ স্টপেজ দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। শুধু বাস পরিষেবা নয়, ভক্তদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম দিনের যাত্রীদের হাতে বিধায়ক নিজে জলের বোতল এবং টিফিনের বিস্কুটের প্যাকেট তুলে দেন। বিধায়কের এই উদ্যোগে আপ্লুত বাসের যাত্রীরা। তারকনাথের দর্শনে যাওয়ার শুরুতেই এমন সুন্দর অভ্যর্থনা পুণ্যার্থীদের মুখে হাসি ফুটিয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
Jul 27, 2026 12:22 PM IST

Post Comment