৫ বছর পর লাভের মুখ দেখল হলদিয়া পেট্রোকেমিক্যালস, বাড়ল EBITDA, ২২৯ কোটি টাকার PBT
সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, FY26-এ HPL-এর PBT দাঁড়িয়েছে ২২৯ কোটি টাকা, যেখানে আগের অর্থবর্ষে সংস্থা ১,২৮২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছিল। অন্যদিকে, চতুর্থ ত্রৈমাসিকে EBITDA বেড়ে হয়েছে ৯৬৪ কোটি টাকা, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ।
HPL জানিয়েছে, TA25-এর পর প্ল্যান্ট থ্রুপুট গড়ে ঘণ্টায় প্রায় ২৫০ টন (TPH)-এ পৌঁছেছে, যেখানে আগের বছরে তা ছিল ২২৮ TPH। একই সঙ্গে পলিমার বিক্রির পরিমাণ স্থিতিশীল রাখা এবং পুরনো ইনভেন্টরি লিকুইডেট করতেও সফল হয়েছে সংস্থা।
বিশেষভাবে নজর কেড়েছে HTM-এ ৫৪ শতাংশ বৃদ্ধি। ITM-এ কিছুটা পতন হলেও, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে বিশেষত চতুর্থ ত্রৈমাসিকে প্রোডাক্ট রিয়ালাইজেশন উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ায় এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এছাড়াও HPL ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন ট্যাক্স রেজিম গ্রহণ করেছে। এর ফলে সংস্থার উপর প্রায় ১৫০ কোটি টাকার ইতিবাচক প্রভাব পড়বে এবং ৬৩৬ কোটি টাকার সঞ্চিত MAT ক্রেডিট ভবিষ্যতে বহন করার সুযোগও মিলবে।
আর্থিক পরিসংখ্যান অনুযায়ী, FY26-এ HPL-এর মোট বিক্রয় আয় কিছুটা কমে ১২,১৯০ কোটি টাকা হয়েছে, যা আগের বছরে ছিল ১২,৯৮৪ কোটি টাকা। তবে কাঁচামালের খরচ কমে যাওয়ায় Value Addition বেড়ে হয়েছে ২,৪৮১ কোটি টাকা, যা আগের বছরে ছিল ১,৭৬৪ কোটি টাকা। বিদ্যুৎ ও ইউটিলিটি খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে।
চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার বিক্রয় আয় বেড়ে হয়েছে ৪,১৬৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩,৩১০ কোটি টাকা। এই সময়ে PBT বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ কোটি টাকায়।
ব্যালান্স শিটের দিক থেকেও সংস্থার অবস্থান আরও মজবুত হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত HPL-এর মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ২৩,৪৩৮ কোটি টাকা। নগদ ও নগদ সমতুল্য সম্পদও বেড়ে দাঁড়িয়েছে ২,৮১৪ কোটি টাকায়।
সংস্থার কনসোলিডেটেড PBT-তেও উন্নতি দেখা গিয়েছে। HPL-এর বিভিন্ন সাবসিডিয়ারি ও সহযোগী সংস্থার পারফরম্যান্স মিলিয়ে মোট কনসোলিডেটেড PBT দাঁড়িয়েছে ৪১৯ কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী অপারেশনাল দক্ষতা, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতির সদ্ব্যবহার—এই তিনের সমন্বয়েই HPL চলতি অর্থবর্ষে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আগামী দিনে সংস্থার এই গতি বজায় থাকলে পেট্রোকেমিক্যাল সেক্টরে HPL আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।



Post Comment