হারের হ্যাটট্রিক পন্থদের! অপ্রতিরোধ্য পঞ্জাব, প্রিয়াংশ-কুপার ঝড়ে আক্রান্ত গোয়েঙ্কার দল

হারের হ্যাটট্রিক পন্থদের! অপ্রতিরোধ্য পঞ্জাব, প্রিয়াংশ-কুপার ঝড়ে আক্রান্ত গোয়েঙ্কার দল

নিউ চণ্ডীগড়: আইপিএলে (IPL 2026) হেরেই চলেছে লখনউ সুপার জায়ান্টস। রবিবার ফের বিরাট পরাজয় হজম করতে হল ঋষভ পন্থদের। পঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে পরাস্ত লখনউ। আইপিএলে হারের হ্যাটট্রিক হল সঞ্জীব গোয়েঙ্কার দলের। টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলেও চাপে লখনউ। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেল তারা।

আর ততটাই অপ্রতিরোধ্য দেখাচ্ছে পঞ্জাব কিংসকে। গত আইপিএলে রানার আপ। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্ট হয়ে গেল শ্রেয়স আইয়ারদের। পয়েন্ট টেবিলের শীর্ষে পঞ্জাবই।

রবিবার শ্রেয়সদের ঘরের মাঠে ম্যাচ ছিল। সেই ম্যাচে ঝড় তুললেন পঞ্জাব কিংসের দুই ব্যাটার – প্রিয়াংশ আর্য ও কুপার কনোলি। প্রভসিমরন সিংহের সঙ্গে প্রিয়াংশের ওপেনিং জুটিকে টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর বলা হচ্ছে। রবিবার অবশ্য রান পেলেন না প্রভসিমরন। ০ করে ফিরলেন। সেই অভাব ঢেকে দিলেন বিধ্বংসী প্রিয়াংশ। যুবরাজ সিংহের কাছে প্র্যাক্টিস করেন। ৩৭ বলে ৯৩ রান করে আগুন ঝরালেন। আড়াইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। সেঞ্চুরি বাঁধা দেখাচ্ছিল। মাত্র ৭ রানের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়। ৪ চার ও ৯ ছক্কায় লখনউ শিবিরে আতঙ্ক তৈরি করেন তিনি। 

আরও পড়ুন : ইডেনে কেকেআরের নাটকীয় জয়ের নায়ক, ম্যাচের শেষে মাঠেই কেন কেঁদে ফেললেন রিঙ্কু?

৪৬ বলে ৮৭ রান করেন কনোলি। দ্বিতীয় উইকেটে ৮০ বলে ১৮২ রান যোগ করে দুজনই ম্যাচের রং পাল্টে দেন। মহম্মদ শামির মতো পেসারকে নিয়েও ছেলেখেলা করেন দুজনে। ৪ ওভারে ৫৬ রান খরচ করেন শামি। ঝুলিতে মোটে এক উইকেট। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তোলে ২৫৪/৭। 

 

২৫৫ তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস দুশো রানে আটকে যায়। এদিন আয়ূষ বাদোনি ও মিচেল মার্শ তাদের হয়ে ইনিংস ওপেন করে। এ নিয়ে ৭ ম্যাচে তিনটি ওপেনিং জুটি খেলাল লখনউ। মার্শ ২৮ বলে ৪০ ও বাদোনি ২১ বলে ৩৫ করার পর পন্থ তিন নম্বরে নেমে ২৩ বলে ৪৩ করেন। পরের দিকে এইডেন মারক্রাম ২২ বলে ৪২ রান করলেও, তা যথেষ্ট ছিল না।



Post Comment

You May Have Missed