শরীরচর্চায় একাধিক বিধিনিষেধ! কীভাবে নতুন ছবির জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন সাহেব?
কলকাতা: সামনের মাসেই মুক্তি পাচ্ছে, নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর সিনেমা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। ইতিমধ্যেই সিনেমার কিছু ঝলক ও নতুন গান মুক্তি পেয়েছে। এই সিনেমার কাস্টিংয়েও রয়েছে চমক। একদিকে যেমন এই সিনেমার হাত ধরেই, বড়পর্দায় পা রাখছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli), অন্যদিকে আবার, দীর্ঘদিন পরে বড়পর্দায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে। পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। ছবিতে যোগেন্দ্রর চরিত্রে দেখা যাবে সাহেবকে।
সাহেবের লুকের নেপথ্য কাহিনী
আজ প্রকাশ্যে এসেছে, এই ছবিতে সাহেবের লুক। এর আগে টিজারে অবশ্য তাঁর ঝলক দেখা গিয়েছিল। তবে এই ছবির জন্য যথেষ্ট কসরত করতে হয়েছে অভিনেতাকে। সাহেব দীর্ঘদিন ধরেই ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে দর্শকদের বিভিন্ন স্বাদের চরিত্র উপহার দিয়ে এসেছেন, তবে এই ছবির লুকে আসার জন্য সাহেবকে ওজন ঝরাতে হয়েছে অনেকটাই! পর্দায় যোগেন্দ্র হওয়ার জন্য, ১০ কেজি ওজন কমিয়েছেন সাহেব! কিন্তু কীভাবে? এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) অভিনেতা বললেন, ‘আমার ওজন কমানোর পিছনে একটা ম্যাজিক রয়েছে। আমি চাইলে খুব তাড়াতাড়ি ওজন বাড়িয়ে ফেলতে পারি, আবার চাইলে খুব তাড়াতাড়ি ওজন কমিয়েও ফেলতে পারি। এটা ঈশ্বরের আশীর্বাদ বলা যায়। ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির জন্য ওজন কমাতে, আমি কার্ডিও করতাম একটু বেশি। খাওয়া দাওয়া নিয়ে আমার তেমন বাচবিচার নেই। সবকিছুই খেতে ভালবাসি। তবে ওজন কমানোর জন্য, বেশি করে ফল খেয়েছি। তবে যতটা ভাত আগে খেতাম, ততটাই খেয়েছি। খাওয়া দাওয়া নিয়ে কার্পণ্য করিনি। ফলে না খেয়ে ওজন কমিয়েছি এটা ভাবার কোনও কারণ নেই। তবে শারীরিক কারণ আমি ওয়েট ট্রেনিং করতে পারি না। ২০১৮ সালে একটা অস্ত্রোপচারের পরে, চিকিৎসক আমায় বলেছিলেন, আমি খুব বেশি ওয়েট ট্রেনিং কখনোই করতে পারব না। খুব হালকা ওজন নিয়ে ট্রেনিং, কার্ডিও আর কিছু কিছু যোগা করেছি। শ্যুটিংয়ের সময়ে ফিট থাকাটা জরুরি। সেই সময় ও শরীরচর্চায় ফাঁকি দিইনি।’



Post Comment