রিঙ্কুর কৃতিত্ব কেড়ে নিলে হবে না, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ডেপুটিকে নিয়ে কী বললেন রাহানে?

রিঙ্কুর কৃতিত্ব কেড়ে নিলে হবে না, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ডেপুটিকে নিয়ে কী বললেন রাহানে?

লখনউ: প্রায় ডুবতে বসা দলকে একা হাতে ডাঙ্গায় তুলেছেন তিনি। দলের সহ অধিনায়কের দাপটেই কেকেআর (KKR) টানা দুই ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভেসে রইল।

রবিবার লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাটিতে লখনউকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কেকেআর। ইডেনে মুকুল চৌধুরির ঝড়ে নাইট শিবিরে আঁধার নামিয়েছিল লখনউ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে রিঙ্কু সিংহের ঝড়ে ১-১ করল কেকেআর। ৫১ বলে অপরাজিত ৮৩ রানের অনবদ্য ইনিংসে দলের স্কোরকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রিঙ্কু। ফিল্ডিং করতে নেমে পাঁচটি ক্যাচও নেন তিনি। ম্যাচের সেরা তাঁকে ছাড়া আর কাউকে বেছে নেওয়া সম্ভব ছিল না।

ম্যাচ জিতে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের মুখে স্বস্তির হাসি। রাহানে বলেছেন, ‘এই জয়ের পর সত্যিই ভীষণ খুশি। ১৬ ওভারের পর থেকে যে ক্রিকেট খেলেছি, বিশেষ করে রিঙ্কুর ইনিংস অবিশ্বাস্য। শেষ ওভারে আমাদের দিকে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে, যা অসাধারণ।’ ঘটনা হচ্ছে, শেষ ওভারে চার বলে চারটি ছক্কা মেরে দিগ্বেশ সিংহ রাঠির বলে ২৬ রান নেন রিঙ্কু।

আরও পড়ুন: বিরল ঘটনা আইপিএলে! কোন নিয়মে আউট রঘুবংশী? আম্পায়ারের সঙ্গে ঝামেলায় KKR কোচ

রাহানে আরও বলেন, ‘আমরা এই মাঠে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ম্যাচ খেলেছিলাম আর উইকেটের মাটি একইরকম ছিল। আমরা বুঝতে পেরেছিলাম এই পিচে ১৬০-১৭০ রান ভাল স্কোর। তবে আমরা যে ধরনের বোলিং করেছি, অনবদ্য। আমাদের মধ্যে বিশ্বাস ছিল যে প্রতিপক্ষের এক-আধটা উইকেট তুলতে পারলেই ম্যাচে থাকব। আমাদের স্পিনারদের নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম একটা উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

আরও পড়ুন: বৈভবের ব্যাটে AI চিপ! পরীক্ষা করা হোক, চাঞ্চল্যকর দাবি, ক্রিকেট বিশ্বে ঝড় উঠল বলে

কেকেআর অধিনায়কের উপলব্ধি, ‘সুপার ওভারে সুনীল নারাইন আমাদের একটা বিকল্প ছিল। মনে হয়েছিল বড় বাউন্ডারি আর তাই স্পিনারদের মারা অত সহজ হবে না। ত্যাগী দারুণ বল করেছে। বৈভবও ভাল করেছে। ভারতীয় এই ছেলেগুলো ভাল বল করছে। কিন্তু তা বলে রিঙ্কু সিংহের কৃতিত্ব কেড়ে নেওয়া উচিত নয়। ও আমাদের ম্যাচে রেখেছিল। লম্বা বাউন্ডারি কাজে লাগিয়েছে। আমরা এটা মাথায় রেখে প্র্যাক্টিসও করেছিলাম।’

 



Post Comment

You May Have Missed