রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, দেড় মাস কাজ বন্ধ শিল্পীদের! ফুঁসে উঠলেন ভাস্কর

রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, দেড় মাস কাজ বন্ধ শিল্পীদের! ফুঁসে উঠলেন ভাস্কর

কলকাতা: তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত হন, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ধারাবাহিক, ‘ভোলে বাবা পার করেগা’-র শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে যান রাহুল, কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার পর থেকেই চ্যানেলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় এই ধারাবাহিক। এখানেই শেষ নয়, যে প্রযোজনা সংস্থা এই ধারাবাহিক প্রযোজনা করছিল, সেই সংস্থাকে বয়কট করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। বিশ বাঁও জলে তাঁর যাবতীয় প্রযোজনা সংস্থার কাজ। কিন্তু এর ফলে, আদপে ক্ষতি হচ্ছে কাদের? সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে খোলা চিঠি লিখলেন, অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। 

কী লিখেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়?

সোশ্যাল মিডিয়ায় এদিন ভাস্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন, দেড় মাস হল। এই যন্ত্রণা জীবনেও যাবার নয়। কিন্তু সেই জন্য যে কাজগুলো বন্ধ করে দিল আর্টিস্ট ফোরাম, এবং তার জন্য যে সমস্ত পরিবার আজ প্রচন্ড অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, তাঁদের জন্য কী করছেন তাঁরা? এইসব মানুষদের কী অপরাধ? আর্টিস্ট ফোরামের যখন কাজ নেওয়ার ক্ষমতা নেই, তখন কাজ কেড়ে নেওয়ার অধিকার তাঁদের কে বা কারা দিলেন? তদন্ত চলছে, আমার বিশ্বাস একদিন সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে। কিন্তু যে সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান্সরা আজ দেড় মাস ধরে কর্মহীন, সেই মানুষগুলোর তো কোনও অপরাধ ছিল না। তাঁদের কথা আর্টিস্ট ফোরামের মাথারা ভাবছেন কি?’

ভাস্কর আরও লিখেছেন, ‘এর ফলে চ্যানেল বা প্রযোজকের কোনও ক্ষতি হল কি? যাঁরা এই সিদ্ধান্ত নিলেন, তাঁদের ক্ষতি হল কি? ক্ষতি হল আর্টিস্ট ফোরামের সেই সমস্ত সভ্যদের, যাঁরা ওই ২টি ধারাবাহিকের নিয়মিত অংশ ছিলেন। যাঁরা ফোরামকে ছাতা হিসেবে গণ্য করেন। ভবিষ্যতে এরকম হঠকারি সিদ্ধান্ত নেওয়া আগে একবার ভাববেন। ঠাণ্ডা ঘরে বসে সিদ্ধান্ত না নিয়ে, মাঠে নেমে নিজের সভ্যদের কীভাবে রক্ষা করা যায়, তাঁদের মাথায় কীভাবে ছাতা ধরা যায় সেই চেষ্টা করুন। তদন্ত তদন্তের পথে চলুক, কিন্তু সেই জন্য কিছু নিরপরাধ মানুষ, যাঁরা বাৎসরিক চাঁদা দেন, তাঁরা চরম ভোগান্তির শিকার হবেন কেন? ভবিষ্যতের দিকে তাকিয়ে এইরকম হঠকারি সিদ্ধান্ত নেওয়ার আগে, নিজেদের দিকে না তাকিয়ে, একটু নিজেদের সংগঠনের সভ্যদের দিকে তাকাবেন। তাতেই সংগঠন মজবুত হবে। নাহলে শেষের দিন আর বেশি দূরে নেই… এটাই আমার সহজ কথা।’

আরও পড়ুন: Rahul Banerjee: ‘নধরের ভেলা’ দেখতে সহজকে সঙ্গে করে এলেন প্রিয়ঙ্কা, রাহুলের মৃত্যুর পরে এই প্রথমবার!

 

Previous post

WB HS Result 2026: মাধ্যমিকে রাজ্যে প্রথম, উচ্চমাধ্যমিকে চতুর্থ! মেধার জোরে ফের কোচবিহারের নাম উজ্জ্বল করল চন্দ্রচূড়

Next post

Agriculture News: বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে জোড়া ধাক্কা! ভুট্টা ও ধান চাষে ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় উত্তর দিনাজপুরের চাষিরা

Post Comment

You May Have Missed