মাত্র একটি EMI মিস করলেই ধাক্কা খেতে পারে সিবিল স্কোর! ৩০ ও ৯০ দিনের দেরিতে কতটা বাড়ে ঝুঁকি জানুন
Last Updated:
সময়মতো EMI জমা না দিলে ধীরে ধীরে খারাপ হতে পারে সিবিল স্কোর এবং ভবিষ্যতে লোন পাওয়ায় সমস্যা তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ৩০ দিনের বেশি EMI বকেয়া থাকলে ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে, আর ৯০ দিন পার হলে অ্যাকাউন্ট NPA ঘোষণা করা হতে পারে।
কলকাতাঃ বর্তমান সময়ে বাড়ি কেনা, গাড়ি কেনা কিংবা জরুরি ব্যক্তিগত খরচ সামলাতে অনেকেই লোনের উপর নির্ভর করেন। তবে ঋণের EMI সময়মতো পরিশোধ না করলে ভবিষ্যতে বড় আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
সাধারণত EMI দু’-একদিন দেরিতে জমা হলে ব্যাঙ্ক অতিরিক্ত লেট ফি নেয়। কিন্তু ৩০ দিনের বেশি দেরি হলেই সমস্যার শুরু। তখন ব্যাঙ্ক CIBIL, Experian এবং Equifax-এর মতো ক্রেডিট ব্যুরোগুলিকে বিষয়টি জানায়। এর ফলে গ্রাহকের ক্রেডিট স্কোর খারাপ হতে শুরু করে। ভবিষ্যতে হোম লোন, গাড়ির লোন বা ব্যবসার ঋণ নেওয়ার ক্ষেত্রে এই খারাপ ক্রেডিট হিস্ট্রি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ৩০ থেকে ৫৯ দিন EMI বকেয়া থাকলে গ্রাহককে বারবার ফোন ও মেসেজ পাঠানো হয়। ৬০ থেকে ৮৯ দিনের মধ্যে ব্যাঙ্ক মনে করে গ্রাহকের আর্থিক অবস্থা দুর্বল। আর ৯০ দিন পর্যন্ত EMI জমা না হলে অ্যাকাউন্টকে NPA বা নন-পারফর্মিং অ্যাসেট ঘোষণা করা হয়। এরপর শুরু হতে পারে আইনি পদক্ষেপ এবং ঋণ পুনরুদ্ধারের প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের পরামর্শ, আর্থিক সমস্যার কারণে EMI মিস হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক ‘পেমেন্ট হলিডে’, EMI-র তারিখ বদল বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুযোগ দেয়। আর্থিক পরামর্শদাতাদের মতে, একটি ভালো সিবিল স্কোর তৈরি করতে বহু বছর সময় লাগে, কিন্তু মাত্র একটি EMI মিস করলেই সেই স্কোর বড় ধাক্কা খেতে পারে।
Kolkata,West Bengal




Post Comment