মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

নয়াদিল্লি: ধনকুবের লক্ষ্মী মিত্তলের ব্যবসা অধিগ্রহণের পথে দক্ষিণ আফ্রিকা সরকার। সেখানে রীতিমতো ধুঁকছে মিত্তলদের ইস্পাত ব্যবসা। ৫৪০০ কোটি টাকার বিনিময়ে সেই ব্যবসা অধিগ্রহণের পথে দেশের সরকার। (Lakshmi Mittal Steel Business)

দক্ষিণ আফ্রিকা সরকারের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন ইতিমধ্যেই ব্যবসা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে মিত্তলদের। প্রাথমিক ভাবে দুই পক্ষই তাতে সম্মতি জানিয়েছে বলে খবর। মিত্তলদের ওই ইস্পাত ব্যবসার নিয়ন্ত্রণ স্বয়ং লক্ষ্মী এবং তাঁর ছেলে আদিত্য মিত্তলের হাতে। (Arcelor Mittal)

সব ঠিক থাকলে ArcelorMittal South Africa সংস্থাটি ১৬২০ কোটি টাকায় কিনে নেবে দক্ষিণ আফ্রিকা সরকার। সংস্থার ঘাড়ে যে ৩৭৮০ কোটি টাকার ঋণ রয়েছে, তার দায়ভারও গ্রহণ করবে ওই সরকারি সংস্থা। তবে চুক্তির শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। চুক্তিপত্র চূড়ান্ত হলে, বিনিয়োগকারীদের সম্মতি মিললেই খুঁটিনাটি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ৫০০ কোটি টাকার লেনদেন? অডিও ক্লিপ ঘিরে তুলকালাম, উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি, বিজেপি-র দিকে আঙুল শিন্ডে-সেনার

মিত্তলদের ArcelorMittal South Africa একটি আন্তর্জাতিক ইস্পাত নির্মাণকারী সংস্থা। এই চুক্তি ইস্পাত ব্যবসা থেকে মিত্তলদের সরে আসার ইঙ্গিতও হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সংস্থাটি দীর্ঘদিন লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছিল। সমস্যা দেখা দিয়েছিল সংস্থা পরিচালনা নিয়েও। 

দক্ষিণ আফ্রিকার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশীয় ইস্পাত উৎপাদনে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে তারা। পাশাপাশি, হাজার হাজার কর্মসংস্থানও টিকিয়ে রাখা যাবে।  খনি থেকে অটোমোবাইল সরঞ্জাম তৈরির কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও হাত মজবুত হবে তাদের।

আরও পড়ুন: দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও

ArcelorMittal South Africa অধিগ্রহণ করতে ৫৪০০ কোটি টাকার প্রস্তাব পেশ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, নগদে ১৬২০ কোটি টাকা মেটানো হবে মিত্তলদের। ঋণের দায়ভার গ্রহণ বাবদ দেওয়া হবে ৩৭৮০ কোটি টাকা। অর্থাৎ প্রস্তাবিত চুক্তিমূল্যের বড় অংশটি আসবে ঋণের দায়ভার গ্রহণের মাধ্যমে। অর্থাৎ পুরো টাকা নগদে পাবেন না মিত্তলরা।

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সময় ধরেই ধুঁকছিল মিত্তলদের ইস্পাত ব্যবসা। চাহিদায় ঘাটতি, বিদ্যুৎ ও রেল পরিষেবায় অত্যধিক হ্যয়, পুরনো দিনের কারখানা, আমদানিকৃত ইস্পাতের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিল না তারা। ২০২৪ সালে ২৭৪০ কোটি টাকা লোকসান হয় তাদের। ২০২৫ সালে লোকসান হয় ১৭১০ কোটি টাকা। যে কারণে লং-স্টিল সংক্রান্ত কাজকর্মও গুটিয়ে ফেলার পরিকল্পনা করে তারা। এর ফলে ঝুঁকির মুখে পড়ে প্রায় ৪০০০ মানুষের জীবন ও জীবিকা। পাশাপাশি, সংস্থার উপর নির্ভরশীল অন্য ব্যবসায়িক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলিও সঙ্কটে পড়ে।

দক্ষিণ আফ্রিকা সরকারের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন এতদিন ArcelorMittal South Africa-য় ৮.২ শতাংশের অংশীদার ছিল। গত দু’বছরে মিত্তলদের ১৪২০ কোটি টাকা ঋণও দিয়েছে তারা। এই চুক্তি স্বাক্ষরিত হলে সংখ্যালঘু অংশীদার বা ঋণদাতা থেকে  ArcelorMittal South Africa-এর মালিক হয়ে উঠবে তারা। সেই মতোArcelorMittal South Africa অধিগ্রহণের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা সরকার।

 

Post Comment

You May Have Missed