ময়নায় ফের বিজয়ী ডিন্ডা, ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে! হার হজম করতে হল শিবশঙ্কর-বিদেশ-স্বপ্নাকে
সন্দীপ সরকার, কলকাতা: মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে একটি হেল্থ ড্রিংক প্রস্তুতকারী সংস্থার পেস বোলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ। নজরে পড়া। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়া। আইপিএলে একাধিক দলের প্রতিনিধিত্ব। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড সংখ্যক উইকেট। অশোক ডিন্ডার কেরিয়ার যেন রূপকথার মতো।
ক্রিকেট ছাড়ার পর সেই ডিন্ডাই রাজনীতির কেরিয়ারের দুরন্ত স্পেল করে চলেছেন। প্রাক্তন ফাস্টবোলার বিজেপির টিকিটে ময়না কেন্দ্র থেকে পরপর দুবারের বিধায়ক হলেন। সোমবার ১৬,২৪১ ভোটে তৃণমূলের চন্দন মণ্ডলকে হারিয়ে দিলেন তিনি।
ময়না কেন্দ্রে কার্যত শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অশোক ডিন্ডা। গণনাপর্বের মাঝপথেই বলেছিলেন, ‘একদমই সহজ ম্যাচ ছিল, নিজের কাজ করেছি। কঠোর পরিশ্রম করেছি, দায়িত্ব আরও বাড়ল।’ শেষ পর্যন্ত গতবারের মতো রুদ্ধশ্বাস ভাবে নয়, বরং হাসতে হাসতে প্রতিপক্ষকে বোল্ড করেছেন প্রাক্তন পেসার।
জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন ডিন্ডা। লিখেছেন, “পশ্চিমবঙ্গের পরাধীনতার গ্লানি আজ মুছে গেল। আজ এই মাটি আর ময়নার প্রতিটি মানুষকে বড্ড আপন মনে হচ্ছে। ময়নার সর্বস্তরের মানুষের কাছ থেকে যে অকৃত্রিম ভালবাসা আমি পেয়েছি, তাতে ধন্য। এই জয় আসলে সাধারণ মানুষের জয়, এই জয় আমাদের ‘অভয়া’র জয়। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমস্ত ময়নাবাসীর কাছে সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বাংলায় গেরুয়া ঝড় উঠেছে। সরকার গড়বে বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চর্চা রয়েছে। পাশাপাশি ময়দানে চর্চা শুরু হয়েছে, ক্রীড়ামন্ত্রীর পদে কি তবে অশোক ডিন্ডা? বলাবলি হচ্ছে, ক্রীড়ামন্ত্রী হওয়ার সবচেয়ে বড় দাবিদার তিনিই। মন্ত্রিসভায় জায়গা পান কি না, দেখার অপেক্ষায় ময়দান।
তবে রাজনীতিতে যোগ দিয়েই প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিক্ত অভিজ্ঞতা হল বাংলার আর এক ক্রিকেটার শিবশঙ্কর পালের। তুফানগঞ্জে বিজেপির মালতী রাভা রায়ের কাছে ২৬,৪৫৭ ভোটের বিশাল ব্যবধানে হেরে গেলেন ময়দানের ম্যাকো। যিনি দীর্ঘদিন ডিন্ডার সঙ্গে বাংলার বোলিং আক্রমণ সামলেছেন। তবে রাজনীতিতে তিনি ভিন্ন মেরুতে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
একইভাবে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। বিজেপির দীনেশ সরকারের কাছে ২১,৪৭৭ ভোটে হেরে গেলেন।
তৃণমূলের হয়ে সপ্তগ্রাম কেন্দ্র থেকে লড়াই করেছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। বিজেপির স্বরাজ ঘোষের কাছে ২৩,২৮৯ ভোটে হেরে গেলেন তিনি।
আরও পড়ুন: বান্ধবীদের দলের সঙ্গে থাকা আটকাতে বড় পদক্ষেপ করতে চলেছে বোর্ড! আইপিএলের মাঝেই শোরগোল



Post Comment