ফাঁসিদেওয়া থেকে আলিপুরদুয়ার.. দেবকে দেখতে উপচে পড়া জনপ্লাবন! মাঝপথেই রোড-শো ছাড়লেন নায়ক
- উত্তরবঙ্গে প্রচার করতে অভিনেতা-সাংসদ দেবের দুই সভা
- ফাঁসিদেওয়া বিধাননগরে রীনা এক্কার সমর্থনে দেবের জনসভা
- আলিপুরদুয়ারে রোড-শো শেষে বিশৃঙ্খলা, ফিরলেন দেব
কলকাতা: উত্তরবঙ্গে নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সেই কারণেই উত্তরবঙ্গে শেষবেলার মতো, প্রচার সেরে নিচ্ছে প্রত্যেকটি দলই। আজ শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে জোড়া সভা ছিল অভিনেতা সাংসদ দেবের (Dev)। এপ্রিলের শেষের দিকে, নিম্নচাপ কেটে যেতেই চড়ছে তাপমাত্রা। সকালবেলা কাঠফাটা রোদে বেশ কষ্টই হচ্ছে বলা চলে। কিন্তু সেই রোদ, গরম উপেক্ষা করেই দেবকে দেখতে সব জায়গাতেই ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তিনি যেমন একদিকে নেতা, আরেকদিকে টলিউডের প্রথম সারির অভিনেতাও। সেই কারণেও তাঁকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক।
ফাঁসিদেওয়ায় তৃণমূলের প্রচারে দেব
সোমবার দার্জিলিং জেলার সমতল এলাকা ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধাননগর-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী রীনা এক্কা টোপো-র সমর্থনে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন ঘাটালের সাংসদ দেব। নির্বাচনের খাতায় যাঁর নাম, দীপক অধিকারী। বিকেলে বিধাননগর খেলার মাঠে আয়োজিত এই জনসভায় দেব পৌঁছতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রিয় তারকাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলা ও যুবকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। মঞ্চে উঠে উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে দেব বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। রীনা এক্কা আপনাদের ঘরের মেয়ে, তাকে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।’ কাঠফাটা রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই জনসভায় উপস্থিত ছিলেন। দেবের এক ঝলক দেখার জন্য সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।
আলিপুরদুয়ারে মাঝপথেই প্রচার ছাড়লেন দেব!
আলিপুরদুয়ার বিধানসভার তৃনমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে সোমবার রোড-শো করেন দেব। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে বক্সা-ফিডার রোড ধরে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত এদিন রোড-শো করার কথা ছিল দেবের। অভিনেতা দেবকে ঘিরে অগণিত যুবক-যুবতি সহ সাধারণ মানুষের ভিড় জমেছিল আলিপুরদুয়ারের রাজপথে। প্রবল উচ্ছ্বাস ও উদ্দিপনার মধ্য়েই এগিয়ে যেতে থাকে রোড শো। রাস্তার আশেপাশের দোকান, বাড়ির উপর ছাদ বা ব্যালকনিতে দেবকে দেখার জন্য ঢল নামে মানুষের। নায়ককে দেখার জন্য, বাড়ির ছাদ থেকে শুরু করে, গাছের ডাল ও বাদ যায়নি! দেবকে দেখতে শুরু হয়ে যায় তুমুল বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে অর্ধেক পথেই রোড-শো ছেড়ে ফিরে গেলেন অভিনেতা দেব।
আরও পড়ুন: নির্বাচনের আগে ফের ইডির নজরে নুসরত জাহান! তড়িঘড়ি তলব নায়িকাকে



Post Comment