নিষিদ্ধ স্যাটেলাইট ফোন নিয়ে প্রবেশ, শ্রীনগর বিমানবন্দরে আটক আমেরিকার দুই নাগরিক, তদন্তে পুলিশ
নয়াদিল্লি: ভারতে আটক আমেরিকার দুই নাগরিক। শ্রীনগর বিমানবন্দরে আটক করে হয়েছে তাঁদের। দু’জনের জিনিসপত্রের মধ্য়ে স্যাটেলাইট ফোন ছিল বলে খবর, যা নিষিদ্ধ। তল্লাশির সময় জিনিসপত্রের মধ্যে থেকে স্যাটেলাইট ফোনটি উদ্ধার হয়। (US Nationals Detained in India)
জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে আমেরিকার ওই দুই নাগরিককে আটক করা হয়। প্রথমে বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় দু’জনকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Jammu And Kashmir News)
আটক হওয়া দুই আমেরিকার নাগরিকের মধ্যে একজনকে জিওফ্রে স্কট বলে শনাক্ত করা গিয়েছে। আসলে মন্টানার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, যে স্যাটেলাইট ফোন উদ্ধার হয়েছে, সেটি আমেরিকার সংস্থা Garmin-এর।
ভারতে Garmin সংস্থার সরঞ্জামের উপর এমনিতেই বিধিনিষেধ রয়েছে। কারণ তাদের স্যাটেলাইট ফোন যাবতীয় নজরদারি, স্থানীয় টেলিকমিনিউকেশ নেটওয়র্ক এড়াতে সক্ষম। ওই স্যাটেলাইট ফোন ব্য়বহার করে কী কথা হচ্ছে, কার সঙ্গে কথা হচ্ছে, তা বোঝার উপায় থাকে না। এর ফলে ভারতে থেকে কেউ চরবৃত্তি করলে, গোপন তথ্য বাইরে পাচার করলে, ধরা যায় না সহজে।
জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে, ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার পর থেকেই স্যাটেলাইট ফোন ব্যবহারে বিধিনিষেধ চাপানো হয়। সেগুলি যদি ব্যবহার করতেও হয়, আগে থেকে অনুমতি নিতে হয়। Thuraya, Iridium-এর মতো ফোনের উপর কড়া বিধিনিষেধ রয়েছে। অনুমোদন ছাড়া যদি কারও কাছ থেকে উদ্ধার হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আটক, গ্রেফতার করা যেতে পারে। ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন এবং নিরাপত্তা সংক্রান্ত আইনে বাজেয়াপ্ত করা যেতে পারে সরঞ্জাম।
এর আগে, ভারতীয় থেকে বিদেশি নাগরিকদের স্যাটেলাইট ফোন নিয়ে বিপাকে পড়তে হয়েছে। গত বছর মে মাসে আমেরিকার এক নাগরিককে পুদুচ্চেরী বিমানবন্দরে আটকানো হয়। তাঁর কাছ থেকে Iridium স্যাটেলাইট ফোন উদ্ধার হয়েছিল। হায়দরাবাদ যাওয়ার বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। শুরু হয় তদন্ত। তারও আগে এক চিনা এবং এক ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছিল।
২০২৫ সালের ৩০ জানুয়ারি DGCA-র তরফে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়। স্যাটেলাইট ফোন নিয়ে বিধিনিষেধের কথা জানানো হয়েছিল সকলকে। ভারতে বেড়াতে যাওয়া সব নাগরিকদের সেই মর্মে সতর্কও করেছিল আমেরিকা এবং ব্রিটেন। গ্রেফতারি থেকে ২ কোটি টাকা জরিমানা করা হতে পারে বলেও জানানো হয়েছিল।



Post Comment