‘নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ’, ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
কলকাতা: নতুন চরিত্র নিয়ে ফিরছেন, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এর আগে, ‘হইচই’ (Hoichoi)-এর ওয়েবসিরিজ, ‘কালরাত্রি’-র মুখ্যভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন সৌমিতৃষা। আর এবার, ‘হইচই’ টিভি প্লাস-এ নতুন গল্প নিয়ে আসছেন সৌমিতৃষা। গল্পের নাম, ‘আতঙ্ক’। তবে এই গল্প ওয়েব সিরিজের ভূমিকায় আসবে না, প্রতি বুধবার ‘হইচই’-তে আসবে নতুন এপিসোডগুলি। প্রতি সপ্তাহে ৬টি করে গল্প দেখা যাবে। প্রথম ৬টি পর্ব মুক্তি পাবে, ২৪ জুন। এরপরে প্রতি বুধবার করে মুক্তি পাবে, ৬টি করে এপিসোড। সৌমিতৃষার নতুন গল্পের বিষয়বস্তু ও বেশ আকর্ষণীয়।
সৌমিতৃষার ওয়েব সিরিজের গল্প
এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানসিক বিষয় নিয়ে কথা বলবে। শৈশবের আতঙ্ক যে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই তুলে ধরা হবে এই গল্পে। এখানে গল্পের নায়িকা, পূর্বা। সেই চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। তাঁর বিপরীতে দেখা যাবে, অভিষেক বসুকে। তাঁর চরিত্রের নাম, অরিন্দম। শৈশবের আতঙ্ক ছাড়খাড় করে দেয়, পূর্বার দাম্পত্য জীবন। সে তার স্বামীর কাকার বিরুদ্ধে অভিযোগ করে, খারাপ আচরণের। আর এই পদক্ষেপের ফলে, গোটা পরিবারের সামনে প্রকাশ্যে চলে আসে এমন একটা সত্যির কথা… যেটা এতদিন ধরে চাপা ছিল। সেই সত্যি প্রকাশ্যে আসার পরেই কার্যত নড়ে যায় পরিবারের ভিতটাই। কী হবে পূর্বার দাম্পত্যের ভবিষ্যৎ? সে কি তার অতীতের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি অতীতের অন্ধকার গ্রাস করে নেবে তাঁর ভবিষ্যৎটাও? সেই উত্তরই পাওয়া যাবে, সৌমিতৃষার নতুন ওয়েব সিরিজ, ‘আতঙ্ক’-তে।
নতুন কাজ নিয়ে কী বলছেন সৌমিতৃষা?
এই সিরিজ নিয়ে সৌমিতৃষা বলছেন, ‘কালরাত্রি’ সিরিজের হাত ধরে, হইচই-তে আমার ডেবিউ হয়। আর তারপর থেকেই, হইচইতে কাজ করা আমার কাছে সবসময়েই বিশেষ হয়ে থেকেছে। নারীদের নিয়ে যে গল্পের প্লট আবর্তিত হয়, সেইরকম গল্পই আমায় বেশি টানে। সেই সমস্ত কাজ আমি বেশি বেশি করে করতে চাই। যেভাবে পূর্বার চরিত্রটাকে দেখানো হয়েছে.. সেখানে অনেকগুলো স্তর রয়েছে। ফলে অভিনয়ের সুযোগ রয়েছে অনেক। সেই কারণেই এই সিরিজে অভিনয় করতে রাজি হই। পূর্বা এমন একজন নারী, যে বছরের পর বছর ধরে, তার সঙ্গে হওয়া অন্যায়, সেই নিয়ে ভয়, আতঙ্ক মনের মধ্যে করে বয়ে বেড়াচ্ছে। এই গল্পটা এমন.. যেটা মানুষকে ছুঁয়ে যাবে। মনে হবে.. এ তো আমারই গল্প। এমন একটা গল্প বলার সুযোগ পাওয়াটা আমার কাছে বেশ বড় একটা ব্যাপার।’



Post Comment