গোপনে বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা! এই বছরেই সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা
- অভিনেতা সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন তুঙ্গে।
- তাদের ‘লক্ষ্মী-ঝাঁপি’ ধারাবাহিকের সেটে আলাপ ও প্রেম শুরু।
- সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন বলে খবর ছড়িয়েছে।
- চলতি বছরেই বিয়ের পরিকল্পনা, তবে কাজ নিয়ে ব্যস্ততা।
কলকাতা: টলিপাড়ায় কান পাতলেই, তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘদিন থেকেই। প্রেম শুধু আর পর্দায় নয়, বাস্তবেও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। তবে প্রকাশ্যে অবশ্য প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ, নায়ক নায়িকা ২ জনেই! তবে সাম্প্রতিক খবর, শুধু প্রেম নয়, এবার নাকি একসঙ্গে ঘর বাঁধতে চলেছেন তাঁরা! চলতি বছরেই নাকি ৭ পাকে ঘুরবেন, অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) আর অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)! ইতিমধ্যেই নাকি গোপনে বাগদান ও সেরে ফেলেছেন তাঁরা!
টলিপাড়ায় বিয়ের সানাই
ধারাবাহিক ‘লক্ষ্মী-ঝাঁপি’-র মুখ্যচরিত্রে অভিনয় করছেন সৌরভ আর শুভস্মিতা। নায়িকা একের পর এক ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করলেও, দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেছেন সৌরভ। যদিও ছোটপর্দা দিয়েই সফর শুরু নায়কের, কিন্তু ওয়েব সিরিজ আর পরিচালনা নিয়েও ইতিমধ্যেই কাজ করেছেন সৌরভ। পাশাপাশি তাঁর লেখার হাত ও দিব্যি, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বই ও! দীর্ঘদিন পরে, ‘লক্ষ্মী-ঝাঁপি’-র হাত ধরে ধারাবাহিকে ফিরেছেন সৌরভ,জুটি বেঁধেছেন শুভস্মিতার সঙ্গে। এই ধারাবাহিকে কাজ করতে গিয়েই তাঁদের ২ জনের আলাপ, তারপরে প্রেম! সে কথা অবশ্য গোপনেই রাখতে চেয়েছিলেন নায়ক নায়িকা। কিন্তু ওই যে… ‘গোপন কথাটি রবে না গোপনে’।
নায়ক নায়িকা প্রেম করছেন, সেই খবর চাউর হতেই, সোশ্যাল মিডিয়ায় অবশ্য তেমন রাখঢাক করেননি তাঁরা। হামেশাই একসঙ্গে ছবি আপলোড করেন তাঁরা। এমনকি সৌরভের জন্মদিনে, সৌরভের পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল শুভস্মিতাকে। নায়কের মায়ের পাশে শুভস্মিতাকে দেখে অনুরাগীরা মোটামুটি সিলমোহর দিয়ে দিয়েছিলেন তাঁদের প্রেমের সম্পর্কে। নায়ক নায়িকা অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। তাঁরা নাকি চান না যে, তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হোক। এতে সমস্যা হতে পারে ধারাবাহিকের, এই আশঙ্কাতেই সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে চান না তাঁরা।
তবে সদ্য শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁরা নাকি বাগদান সেরেছেন। খুব ঘনিষ্ঠদের উপস্থিতিতে, এক্কেবারে ছোট্ট অনুষ্ঠান করেই বাগদান হয়েছে নায়ক নায়িকার। তবে এখনও বিয়ের দিন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। ধারাবাহিকের শ্যুটিংয়ের কারণে আপাতত এতটাই ব্যস্ত সৌরভ শুভস্মিতা যে, বিয়ের পরিকল্পনা এখনই করতে পারছেন না। চলতি বছরে বিয়ের ইচ্ছা থাকলেও, এখনও পরিকল্পনা পাকা হয়নি। সবই নির্ভর করছে তাঁদের কাজের ওপর। তবে যে কথা পাকা, তা হল জীবনের বাকিটা যে তাঁরা একসঙ্গেই কাটাতে চান, তা ঠিক করে ফেলেছেন সৌরভ-শুভস্মিতা। বিয়ের ফুল ফুটল বলে…



Post Comment