আরসিবির বিরুদ্ধে খেলবেন না সূর্য, হার্দিক! ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বে দেবেন রোহিত শ
রায়পুর: তিন ম্যাচ হারের পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্লে-অফে পৌঁছনোর অবশিষ্ট আশা বজায় রাখতে মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (RCB vs MI) মাঠে নামতে চলেছে। তবে এই ম্যাচে পল্টনদের নেতৃত্ব কে দেবেন, সেই নিয়ে রয়েছে সংশয়।
হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) চোটের কবলে পড়েছেন। গত ম্য়াচেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেননি। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজ়িকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী হার্দিক বা সূর্যকুমার, কাউকেই আরসিবির বিরুদ্ধে পাবে না মুম্বই। হার্দিকের চোট এখনও না সারায় তিনি দলের সঙ্গে আরসিবির নতুন ‘হোমগ্রাউন্ড’ রায়পুরে সফরই করেননি বলে খবর। অপরদিকে, শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে সূর্যও কালকের ম্যাচে খেলবেন না।
আসলে শোনা যাচ্ছে সূর্যর স্ত্রী দেবীশা সন্তানসম্ভবা। প্রথমবার বাবা হচ্ছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বজয়ী অধিনায়ক। তাই সূর্যকুমার মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন না, তিনি স্ত্রীর পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে সূর্য ও হার্দিকের অনুপস্থিতিতে কে হতে পারেন পল্টনদের অধিনায়ক?
আরও পড়ুন:- কনোলির শতরান রক্ষা করতে পারল না, হারের হ্যাটট্রিক করল PBKS, দুরন্ত জয় SRH-র
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সুখবর তাঁদের দলে রেকর্ড আইপিএল জয়ী অধিনায়ক রয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। গত ম্যাচেই চোট সারিয়ে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ফিরেছিলেন রোহিত শর্মা। তিনি কিন্তু হার্দিক ও সূর্যর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার দাবি জানাতেই পারেন। তবে তাঁর পাশাপাশি বিকল্প হিসাবে যশপ্রীত বুমরাও দলে রয়েছেন। এবার দেখার নেতৃত্বের ব্যাটন কোন পল্টন তারকার হাতে উঠে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আরসিবি নিজেদের পরবর্তী দুই ‘হোম’ ম্যাচ রায়পুরেই খেলবে আরসিবি। আশা ছিল আরসিবি প্লে-অফে উঠলে তারা আবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে। তবে বিরাট কোহলিদের সেই শখ পূরণ হচ্ছে না। বিসিসিআইয়ের তরফে আজই আইপিএলের প্লে-অফের ভেন্যুগুলি ঘোষণা করা হয়েছে।
ধর্মাশালায় ২৬ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। পরের দিন মুল্লানপুরে হবে এলিমিনেটর ম্যাচ। ২৯ মে ওই একই ভেন্যুতে খেলা হবে কোয়ালিফায়ার ২। এরপরে এর দুই দিন পরে ৩১ মে আমদাবাদে হবে আইপিএলের মেগাফাইনাল। নিয়ম অনুযায়ী আইপিএলের ফাইনাল আরসিবির হোমগ্রাউন্ড চিন্নাস্বামীতেই খেলা হওয়ার কথা হলেও, বিসিসিআইয়ের তরফে দাবি করা হচ্ছে যে কর্ণাটক বোর্ডের তরফে এমন কিছু দাবি করা হয়েছে যা ভারতীয় বোর্ডের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।



Post Comment