গান চলাকালীনই বন্ধ মাইক, অন্ধকার করে দেওয়া হল মঞ্চ! মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হলেন বলি-
কলকাতা: মঞ্চে অনুষ্ঠান করার সময়ে, অনেকবার অনেক অপ্রিয় পরিস্থিতির মুখোমুখি হল শিল্পীরা। অনেক সময় এমনই পরিস্থিতি হয় যে, অনুষ্ঠান শেষ না করেই, মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হয় শিল্পীকে। আর এবার প্রায় সেই ধরণের ঘটনাই ঘটল, সঙ্গীতশিল্পী শিল্পা রাও (Singer Shilpa Rao)-এর সঙ্গে। অনুষ্ঠান শেষ করার আগেই, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এর ফলে, অনুষ্ঠানের ইতি না টেনেই, মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হয় সঙ্গীতশিল্পীরা। অনুরাগীরা তাঁর নাম ধরে চিৎকার করছিলেন, কিন্তু মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হয় শিল্পাকে। আর তারপরেই, একটি লম্বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সঙ্গীতশিল্পী। কী লিখেছেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শিল্পা?
সোশ্যাল মিডিয়ায় শিল্পা রাও এদিন একটি লম্বা পোস্ট করে লেখেন, ‘মুম্বই, আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ আজ যেন ভেঙে গেল। খুব সুন্দর একটা জিনিসকে যখন আমাদের থেকে জোর করে কেড়ে নেওয়া হয়, তখন এমনই অনুভূতি হয়। গান থেমে গিয়েছিল, কিন্তু আপনারা থেমে যাননি। আপনারা যেভাবে আমার নাম ধরে চিৎকার করছিলেন, আপনাদের গলায় আমায় নিয়ে যে ভালবাসা ছিল, সেটা আমি মঞ্চ থেকে অনুভব করেছি। আজকে আমাদের গল্পটা হয়তো অসমাপ্ত রয়ে গেল। কিন্তু কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। তোমায় ভালবাসি মুম্বই। চিরদিন। চিরকাল। শিল্পা’
অন্ধকার মঞ্চ, ২০ মিনিট অপেক্ষা করেও ফিরে গেলেন শিল্পা
ঠিক কী ঘটেছিল এদিন মুম্বইতে? জানা যাচ্ছে, এদিন মুম্বইতে বলিউড মিউজিকের একটি অনুষ্ঠান ছিল। সেখানে পারফর্ম করার কথা ছিল, শিল্পার। তাঁর অনুষ্ঠান প্রায় শেষের মুখে ছিল, কিন্তু সেই সময়েই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। নিভিয়ে দেওয়া হয় মঞ্চের আলো। আয়োজকদের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই শিল্পার জন্য নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। এর থেকে বেশি অতিরিক্ত সময় তাঁকে আর দেওয়া যাবে না। শিল্পা চেয়েছিলেন, তাঁর অনুরাগীদের শুধু বিদায় জানাতে, কিন্তু অভিযোগ, তাঁকে সেই সুযোগও দেওয়া হয়নি। যদিও অনুরাগীরা তখনও বারে বারে শিল্পার নাম ধরে চিৎকার করছিলেন। অভিযোগ এ ও যে, শিল্পা মঞ্চে দাঁড়িয়েই ১৫-২০ মিনিট অপেক্ষা করেছিলেন আবার একবার আলো জ্বলার জন্য কিন্তু ফের আলো জ্বলেনি। মাইক ও অন করতে দেওয়া হয়নি। অভিযোগ, শিল্পার আগে যে পুরুষ শিল্পী অনুষ্ঠান করছিলেন, তাঁকে বাড়তি সময় দেওয়া হয়েছিল। কিন্তু শিল্পার ক্ষেত্রে তা হয়নি। বাধ্য হয়েই মঞ্চ থেকে নেমে যান শিল্পা আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট শেয়ার করে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
Post Comment