West Bengal News: ’পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার ষড়যন্ত্র চলছে’, মেমারিতে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী
Last Updated:
West Bengal News: পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার ষড়যন্ত্র করা হচ্ছে, এদিন পূর্ব বর্ধমানের মেমারিতে এসে বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। বিজেপি প্রার্থী মানব গুহের সমর্থনে প্রচারে হাজির হয়েছিলেন তিনি।
মেমারি, সায়নী সরকার: পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার ষড়যন্ত্র করা হচ্ছে, এদিন পূর্ব বর্ধমানের মেমারিতে এসে বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। পূর্ব বর্ধমানের মেমারির বামনপাড়া মোড়ে নির্বাচনী প্রচারে জোরদার জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী মানব গুহের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ। তপ্ত গরম উপেক্ষা করেও জনসভায় জনসমাগম চোখে পড়ার মতো ছিল।
সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, “একটা বড় ষড়যন্ত্র চলছে। রাতের অন্ধকারে কিছু গোপন বৈঠক হয়, সেখানকার অনেক কথাই আমার কানে আসে।” তাঁর দাবি, এই ষড়যন্ত্রের লক্ষ্য পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া।
তিনি আরও বলেন, “কিছু শক্তি নাকি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৪০০ মিটার এলাকা নাকি ফাঁকা পড়ে রয়েছে এবং সেই সুযোগে অনুপ্রবেশ ঘটিয়ে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে”। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ তিনি সভামঞ্চে তুলে ধরেননি, তবুও তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
মিঠুন চক্রবর্তী দৃঢ় সুরে বলেন, “আমার শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন কোনও শক্তি বাংলার ক্ষতি করতে পারবে না।” তাঁর এই মন্তব্যে উপস্থিত সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির প্রচার ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে এমন মন্তব্য রাজনৈতিক বিতর্ক আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Barddhaman,West Bengal
Apr 26, 2026 10:59 PM IST



Post Comment