West Bengal Assembly Elections 2026: শান্তিতে ভোট করাতে অভিষেকের জেলায় যোগীর ‘সিংঘম’! চেনেন এই এনকাউন্টার স্পেশালিস্টকে?
Last Updated:
West Bengal Assembly Elections 2026: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে নয়া পরিকল্পনা কমিশনের।
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। শুধু কেন্দ্রীয় বাহিনীই নয় এবার যোগী রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ আধিকারিক এনে শান্তিপূর্ণ ভোট করাতে চাইছে কমিশন।
২৩ এপ্রিল ১৫২ টি আসনে প্রথম দফার নির্বাচন পর্ব নির্বিঘ্নেই মিটেছে, দু-একটি ছোটখাটো অশান্তি ছাড়া। ২৯ তারিখ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট। তার আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে এখানে। এই তালিকাতেই চমক দিয়েছে কমিশন। নতুন ১১ পর্যবেক্ষকের তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, যিনি যোগীরাজ্যে ‘সিংঘম’ বলে পরিচিত। আর তাতেই প্রশ্ন উঠছে, দক্ষিণ ২৪ পরগনায় কেন এমন দোর্দণ্ডপ্রতাপ অফিসারকে নিয়োগ করা হল? তৃণমূলের প্রশ্ন, কমিশন কি মনে করছে যে দক্ষিণ ২৪ পরগনার ভোটে এত বেশি অশান্তি হবে যে এনকাউন্টারের প্রয়োজন?
কে এই অজয় পাল শর্মা? কেন তাঁকে নিয়ে এত আলোচনা? প্রোফাইল ঘাঁটলে দেখা যাচ্ছে, ২০১১ সালের আইপিএস ব্যাচের ক্যাডার লুধিয়ানার অজয় পাল শর্মা। তিনি পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারি পাশ করেছেন। তারপর তিনি পুলিশ সার্ভিসে যোগ দেন। এই মুহূর্তে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কড়া মেজাজ আর দাপটের জন্য উত্তরপ্রদেশের পুলিশ মহলে তিনি পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বা ‘সিংঘম’ হিসেবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Apr 26, 2026 10:40 PM IST




Post Comment