Purulia News: ভিক্ষার টাকায় শিক্ষার আলো! আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায় নরেন হাঁসদা, বিশ্বমঞ্চে উজ্জ্বল পুরুলিয়ার ভূমিপুত্র
Last Updated:
Purulia News: পুরুলিয়ার গর্ব নরেন হাঁসদা। গান গেয়ে ভিক্ষা করে অসাধ্য সাধন করেছেন তিনি। ভিক্ষার টাকায় অনাথ শিশুদের পড়াচ্ছেন। মিলছে আন্তর্জাতিক স্বীকৃতি। পণ্ডিত রঘুনাথ মুর্মু আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নরেন হাঁসদা।
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রুখা মাটির জেলা পুরুলিয়ার বুক থেকে উঠে আসা এক অনন্য লড়াইয়ের গল্প এবার পৌঁছে গেল আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে। সাঁওতালি ভাষা, সংস্কৃতি ও সাহিত্যের নিরলস সাধনায় নিজেকে উৎসর্গ করা সিদো-কানহু মিশনের প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা মনোনীত হয়েছেন ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘পণ্ডিত রঘুনাথ মুর্মু আন্তর্জাতিক পুরস্কার’-এর জন্য। পণ্ডিত রঘুনাথ মুর্মু হেরিটেজ ট্রাস্টের এই ঘোষণায় খুশির জোয়ার গোটা জেলায়।
ভালিডুঙরির এক সাধারণ মাটির বাড়ি থেকে শুরু হওয়া এই পথচলা আজ এক অনুপ্রেরণার কাহিনি। গানের সুরে সুরে গ্রামের মানুষের মধ্যে সচেতনতার আলো জ্বালিয়ে শুরু করেছিলেন তাঁর মিশন। আজ সেই উদ্যোগই চারটি কেন্দ্রে বিস্তৃত। যেখানে ২০০-রও বেশি ছাত্রছাত্রী শিখছে অলচিকি লিপি ও সাঁতালি সংস্কৃতির পাঠ। শুধু শিক্ষা নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি ৪৮ জন অনাথ শিশুর আশ্রয় ও ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছেন। গান গেয়ে ভিক্ষা করে তিনি এই অসাধ্য সাধন করছেন।
নরেন হাঁসদার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরুলিয়ার সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক গর্বের মুহূর্ত। তাঁর এই পথচলা আগামী প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাবে। নিজের শিকড়কে আঁকড়ে ধরেই বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখতে শেখাচ্ছেন তিনি।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia News: ভিক্ষার টাকায় শিক্ষার আলো! আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায় নরেন হাঁসদা, বিশ্বমঞ্চে উজ্জ্বল পুরুলিয়ার ভূমিপুত্র



Post Comment