CM Suvendu Adhikari: নিজের হাতে আগমনীর চোখের জল মুছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! চাকরির আশ্বাস দিয়ে বললেন, ‘যতদূর ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাও’

Last Updated:

CM Suvendu Adhikari: চোখের সামনে প্রাণাধিক প্রিয় ভাই ও মায়ের মর্মান্তিক পরিণতি দেখেছে স্নাতক পড়ুয়া আগমনী। শোকে পাথর হয়ে গিয়েছে সে। নবমীর দুপুরে মাধবডিহির বীরপুরে তাঁদের মাটির বাড়ির দাওয়ায় এসে চেয়ার টেনে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

News18
News18

বর্ধমান: পরিবারের বড় দাদার মতো নিজে হাতে আগমনীর চোখের জল মুছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চরম শোকের মধ্যেও মুখ্যমন্ত্রী নিজে তাঁদের বাড়িতে আসায় কিছুটা ভরসা পেলেন পরিবারের সদস্যরা।

চোখের সামনে প্রাণাধিক প্রিয় ভাই ও মায়ের মর্মান্তিক পরিণতি দেখেছে স্নাতক পড়ুয়া আগমনী। শোকে পাথর হয়ে গিয়েছে সে। নবমীর দুপুরে মাধবডিহির বীরপুরে তাঁদের মাটির বাড়ির দাওয়ায় এসে চেয়ার টেনে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশে বসে একনাগাড়ে চোখের জল ফেলছিল আগমনী। তখনই নিজের হাতে তার চোখের জল মুছিয়ে দেন মুখ্যমন্ত্রী। মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। আগমনীর পড়াশোনার বিষয়ে খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী তাকে যতদূর ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সরকার সব সময় পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি, এক মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বর্ধমানের মাধবডিহির বীরপুরের বাসিন্দা সঞ্জয় বেজ। স্ত্রী টগর বেজ, ছেলে সন্দীপ ও মেয়ে আগমনীর সঙ্গে পঞ্চমীর দিন কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁদের দ্বিতীয় সপ্তমীর দিন ফিরে আসার কথা ছিল। তার আগের দিন সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়ে তাঁরা চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে যান। ভিড়ে ঠাসা মণ্ডপ থেকে কোনও রকমে বেরিয়ে আসতে পেরেছিল আগমনী। কিন্তু ভিতরে আটকে পড়েন তার ভাই সন্দীপ ও মা টগর বেজ। চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃত ১৯ জনের তালিকায় রয়েছেন তাঁরাও। মুহূর্তে তছনছ হয়ে যায় বেজ পরিবারের জীবন।

পূর্বঘোষণা অনুযায়ী, নবমীর দিন মাধবডিহির বীরপুরে সঞ্জয় বেজের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সকাল থেকেই বেজ বাড়ির সামনে ভিড় করেছিলেন গ্রামের বাসিন্দারা। ঘটনার পর থেকেই শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী নিজে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ায় আপ্লুত গ্রামবাসীরাও।

Post Comment

You May Have Missed