Nandigram By Election: ঋতব্রতরা খাম প্রতীক পেতেই নন্দীগ্রামে বেকায়দায় ISF! কেন তড়িঘড়ি মহকুমা শাসকের দফতরে ছুটলেন নওশাদের দলের প্রার্থী?
Last Updated:
আপাতত তৃণমূলের জোড়াফুল প্রতীক ফ্রিজ করে মমতা এবং ঋতব্রত শিবিরকে নতুন প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন৷
তৃণমূলের প্রতীক জট কাটতে না কাটতেই নন্দীগ্রামের উপনির্বাচনে আরও এক নতুন জট৷ ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন থেকে খাম চিহ্ন দেওয়া হয়েছে৷ আর এতেই ক্ষুব্ধ নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী বেমিরাজ আলি খান৷ কারণ অতীতে নির্বাচনে খাম চিহ্নেই প্রতিদ্বন্দ্বিতা করেছে আইএসএফ৷ ফলে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থীকে কমিশন থেকে খাম চিহ্ন দেওয়ায় চটেছেন আইএসএফ প্রার্থী৷ ইতিমধ্যেই হলদিয়ায় গিয়ে মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন আইএসএফ প্রার্থী৷
যদিও এই বিতর্কে গোটা সিদ্ধান্তের দায় নির্বাচন কমিশনের উপরেই চাপিয়েছে ঋতব্রত শিবির৷ ঋতব্রত পন্থী বিধায়ক আখরুজ্জামান বলেন, আমাদের তিনটের মধ্যে একটি প্রতীক নির্বাচন করতে বলা হয়েছিল। আমরা খামটা বলেছিলাম, এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না। যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন কমিশনে নেবে। আমাদের খাম চিহ্ন নির্বাচন কমিশন দিয়েছে
প্রসঙ্গত গতকাল রাতেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে জোড়াফুল চিহ্নে তৃণমূলের কোনও শিবিরই উপনির্বাচনে লড়াই করতে পারবে না৷ এ দিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উপনির্বাচনে কালীঘাট তৃণমূলকে লড়তে হবে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে৷ অন্যদিকে ঋতব্রত শিবিরকে লড়তে হবে গণতান্ত্রিক শিবির নামে৷ মমতা তৃণমূলের জন্য ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করেছে কমিশন৷ অন্যদিকে ঋতব্রত শিবিরকে দেওয়া হয় খাম প্রতীক৷
এবার সেই খাম প্রতীক নিয়েই তৈরি হল নতুন জট৷ আগামিকাল স্ক্রুটিনির সময় সম্ভবত এই খাম প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা করতে পারে নির্বাচন কমিশন৷
এ দিন অবশ্য নন্দীগ্রামে মমতা শিবির প্রতীক পেলেও কালীঘাট শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন৷ ফলে প্রতীক পেলেও শেষ পর্যন্ত মমতা শিবিরের কোনও প্রতিনিধির প্রতিনিধিত্বই নন্দীগ্রাম উপনির্বাচনে থাকছে না৷

Post Comment