Nandigram Congress Candidate Controversy: তিনটি খুনের মামলায় অভিযুক্ত, নিজেই জানিয়েছিলেন হলফনামায়! সব জেনেশুনেও মিলন প্রধানকে কেন প্রার্থী করেছিল কংগ্রেস? উঠছে প্রশ্ন
Last Updated:
কংগ্রেসের অভিযোগ, শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে নন্দীগ্রামের প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ৷
দলের প্রার্থী তিন তিনটি খুনের মামলায় অভিযুক্ত৷ জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও৷ সব জেনেশুনেই কি তার পরেও মিলন প্রধানকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছিল কংগ্রেস?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেফতারির জেরে রাজনৈতিক বিতর্ক তৈরি করতে গিয়ে এবার নিজেরাই অস্বস্তিতে কংগ্রেস৷ কারণ দলের প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করার পাশাপাশি গণতন্ত্রের হত্যা বলে সরব হয়েছেন খোদ রাহুল গান্ধি৷ সরব হয়েছেন মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপালের মতো কংগ্রেসের শীর্ষ নেতারাও৷ একা কংগ্রেস নয়, মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
কংগ্রেস হাইকম্যান্ড দলের প্রার্থীর গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাইলেও মিলন প্রধানের নির্বাচনী হলফনামা সামনে আসতেই বিষয়টি কংগ্রেসের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে৷ কারণ নির্বাচনী হলফনামায় কংগ্রেস প্রার্থী নিজেই স্পষ্ট উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে তিনটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ জারি হয় গ্রেফতারি পরোয়ানাও৷ কংগ্রেস প্রার্থীর নির্বাচনী হলফনামায় এই তিনটি খুনের মামলা ছাড়াও আরও একাধিক মামলার উল্লেখ রয়েছে৷
প্রশ্ন উঠছে, দলের প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলায় যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে জানা সত্ত্বেও কেন তাঁকে টিকিট দিল কংগ্রেস নেতৃত্ব? কারণ গ্রেফতারি পরোয়ানা থাকলে ভোটের আগে সেই ব্যক্তির গ্রেফতার হওয়ার সম্ভাবনা যথেষ্টই৷ সেক্ষেত্রে নিজেরাই সব জেনেশুনে ঝুঁকি নিয়ে মিলন প্রধানকে প্রার্থী করার কংগ্রেস নেতারা এখন কেন রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন উঠছে৷
রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার পর ঠিক এই জবাবই দিয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ তিনি লিখেছেন,’ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে তিনটি খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল৷ আমরা এই বিষয়টি উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছিলাম৷ নির্বাচনের সময় গ্রেফতারি পরোয়ানা থাকলে তা কার্যকর করাটাই নিয়ম৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সম্ভবত সঠিক তথ্যটা রাহুল গান্ধিকে দেয়নি৷’

Post Comment