Kharagpur IIT: আইন শিক্ষার ইতিহাসে অনন্য নজির আইআইটি খড়গপুরের, সাম্মানিক অধ্যাপক পদে এবার দেশের প্রাক্তন প্রধান বিচারপতি
Last Updated:
Kharagpur IIT: আইন শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে আইআইটি খড়গপুরের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’-এর সাম্মানিক বিশিষ্ট অধ্যাপক হিসেবে যোগ দিলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আইন শিক্ষার্থী, গবেষক এবং ভবিষ্যৎ নীতি-নির্ধারকদের জন্য নতুন দিশা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দেশের আইন শিক্ষার জগতে এক অনন্য নজির সৃষ্টি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর। প্রতিষ্ঠানের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’-এর সাম্মানিক বিশিষ্ট অধ্যাপক (অনারারি ডিস্টিংগুইশড প্রফেসর) হিসেবে যোগ দিলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তাঁর এই অন্তর্ভুক্তি কেবল খড়গপুর আইআইটি-র জন্যই নয়, সামগ্রিক ভাবে দেশের আইন শিক্ষার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষামহল।
আইন জগতের অন্যতম প্রাজ্ঞ এবং দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে বিচারপতি সঞ্জীব খন্নার নাম সর্বজনবিদিত। সুদীর্ঘ কর্মজীবনে সংবিধান, বাণিজ্যিক আইন, রাজস্ব সংক্রান্ত বিষয় এবং প্রাতিষ্ঠানিক পরিচালন ব্যবস্থার ক্ষেত্রে তাঁর গভীর পাণ্ডিত্য ও রায় দেশজুড়ে সমাদৃত হয়েছে। এ বার তাঁর সেই সুবিশাল অভিজ্ঞতা এবং প্রজ্ঞার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবেন খড়গপুরের তরুণ পড়ুয়ারা। আইআইটি কর্তৃপক্ষের মতে, তাঁর উপস্থিতি হবু আইনজীবী, গবেষক এবং ভবিষ্যৎ নীতি-নির্ধারকদের গভীর ভাবে অনুপ্রাণিত করবে। এর ফলে আইনের জটিল তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মেলবন্ধন আরও সহজ হয়ে উঠবে।
এই ঐতিহাসিক মুহূর্তটিকে খড়গপুর আইআইটি পরিবারের জন্য অত্যন্ত গর্বের এবং মর্যাদার বিষয় বলে মনে করা হচ্ছে। বিচারপতি খন্নার হাত ধরে ক্যাম্পাসে এক রূপান্তরমূলক শিক্ষার পরিবেশ তৈরি হবে, যা আগামী দিনে দেশের আইনি শিক্ষার মানদণ্ডকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এক গৌরবময় এবং নতুন শিক্ষাবর্ষের সূচনা হতে চলেছে মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রাঙ্গণে।
Paschim Medinipur,West Bengal




Post Comment