Kaliaganj Municipality: কাজ করেও মিলছে না মাইনে! বকেয়া বেতনের দাবিতে কালিয়াগঞ্জ পুরসভায় সাফাইকর্মীদের বিক্ষোভ, দেওয়া হল বড় হুঁশিয়ারি
Last Updated:
Kaliaganj Municipality: এই সাফাইকর্মী বলেন, বিগত পাঁচ মাস ধরে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। মাসের প্রথমে মাইনে মিলছে না। এই মাসেও ১৪ দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও মাইনে পাননি বলে জানান তিনি।
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ নিয়মিত কাজ চালিয়ে গেলেও ঠিকমতো বেতন না পাওয়ার অভিযোগ। এবার কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার শতাধিক সাফাইকর্মী। মাইনে না পাওয়া অবধি শহরের সাফাইকাজ বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, কেউ দেড় মাস, কেউ আবার পাঁচ মাস ধরে ঠিক মতো বেতন পাচ্ছেন না। এই নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। বৃহস্পতিবার তার বহিঃপ্রকাশ ঘটে। কালিয়াগঞ্জ পুরসভার মূল গেট আটকে বিক্ষোভ দেখান শতাধিক সাফাইকর্মী। তাঁদের সঙ্গে যোগ দেন ২৩ জন নির্মল সাথীও।
কালিয়াগঞ্জের ১৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি নিয়ে বর্জ্য সংগ্রহ করার দায়িত্বে রয়েছে নির্মল সাথীরা। অভিযোগ, বিগত পাঁচ মাস ধরে তাঁরা মাইনে পাচ্ছেন না। এই বিষয়ে প্রিয়াঙ্কা সরকার নামে এক বিক্ষোভকারী বলেন, পাঁচ মাস ধরে মাইনে পাচ্ছি না। আমরা কী খেয়ে কাজ করব? বেতন না পাওয়া অবধি কাজ বন্ধ থাকবে।
একই সুর শোনা গিয়েছে বিক্ষোভকারী এক সাফাইকর্মীর গলাতেও। তিনি জানান, বিগত পাঁচ মাস ধরে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। মাসের প্রথমে মাইনে মিলছে না। এই মাসে ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও মাইনে পাননি বলে জানান তিনি।
কালিয়াগঞ্জ পুরসভার সাফাইকর্মীদের দাবি, দ্রুত বকেয়া বেতন মেটানো হোক। একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, মাইনে না পাওয়া অবধি সাফাইকাজ বন্ধ রাখা হবে।
এই বিষয়ে পুর চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু জানান, ভোটের কারণে গত মাসে অর্থ সংগ্রহ হয়নি। সরকারি টাকাও আসেনি। সেই কারণে বেতন দিতে অসুবিধা হচ্ছে। একইসঙ্গে তাঁর আশ্বাস, শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। এই সমস্যার সমাধানে সোমবার বোর্ড মিটিং ডাকা হয়েছে বলে খবর। এরপর কী হয় সেটাই এবার দেখার।
Uttar Dinajpur,West Bengal
Kaliaganj Municipality: কাজ করেও মিলছে না মাইনে! বকেয়া বেতনের দাবিতে কালিয়াগঞ্জ পুরসভায় সাফাইকর্মীদের বিক্ষোভ, দেওয়া হল বড় হুঁশিয়ারি




Post Comment