Hooghly News: ‘বাংলার খাতায় বকেয়া ১,৯৩,০০০ কোটি’! হালখাতার দিনে পাওনা মেটাতে মোদিকে আর্জি তৃণমূল নেতার
Last Updated:
পয়লা বৈশাখে হালখাতা আর মিষ্টিমুখ, এই চেনা বাঙালি আবহের মাঝেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল এক রাজনৈতিক পোস্ট।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: পয়লা বৈশাখে হালখাতা আর মিষ্টিমুখ, এই চেনা বাঙালি আবহের মাঝেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল এক রাজনৈতিক পোস্ট। তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী তাঁর ফেসবুক পেজে একটি ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটমহলে।
পোস্টে নববর্ষের শুভেচ্ছার সঙ্গে ‘হালখাতা’র ঐতিহ্যকে রাজনৈতিক ইঙ্গিতের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলার খাতায় নাকি ১,৯৩,০০০ কোটির একটি ‘ছোট বকেয়া’ রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেই ‘হিসেব মিটিয়ে দেওয়ার’ আবেদন জানানো হয়েছে রসিকতার ছলে, যা পড়েই অনেকেই মুচকি হাসছেন, আবার অনেকে হালখাতার সঙ্গে রাজনীতিকে কেন মিশিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

হুগলি
পুরনো হিসেব মিটিয়ে নতুন বছরের সূচনা, এই বাঙালি সংস্কৃতির পরিচিত আবহকেই ব্যবহার করা হয়েছে পোস্টে। তবে সেখানে সরাসরি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ‘হিসেব মেটানোর’ ইঙ্গিত থাকায় বিষয়টি নিছক শুভেচ্ছাবার্তার গণ্ডি ছাপিয়ে রাজনৈতিক রং-ও পেয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।পোস্টের শেষে ছিল মিষ্টিমুখের আমন্ত্রণ “মিষ্টি মুখের সু বন্দোবস্ত আছে” যা পুরো বার্তাটিকে আরও হালকা ও রসাত্মক করে তুলেছে।
একদিকে যেমন ঐতিহ্য, অন্যদিকে তেমনই রাজনৈতিক খোঁচা, এই মিশেলই যেন পোস্টটিকে আলাদা করে তুলেছে।নববর্ষের দিনে এমন মজাদার অথচ ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা তুঙ্গে। কেউ এটিকে ‘সৃজনশীল রাজনৈতিক বার্তা’ বলছেন, আবার কেউ দেখছেন ‘হালখাতার আড়ালে হিসেব চুকানোর চাপ’। সব মিলিয়ে, পয়লা বৈশাখে শুভেচ্ছার সঙ্গে রাজনীতির এই মিশেল বেশ জমে উঠেছে বলেই মত অনেকের।
Kolkata,West Bengal
Apr 16, 2026 12:18 AM IST




Post Comment