Cooch Behar News: কিছুদিন আগেই হামলা চালিয়েছিল লেপার্ড! পানিশালা এলাকায় ফের ‘সেই’ আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী
Last Updated:
Cooch Behar News: কয়েকদিন আগেই এই এলাকার লোকালয়ে একটি লেপার্ড ঢুকে পড়েছিল। হামলার মুখে পড়ে আহত হয়েছিলেন তিনজন গ্রামবাসী। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই ফের লেপার্ড আতঙ্ক দেখা দিয়েছে।
পানিশালা, কোচবিহারঃ কয়েকদিন আগেই কোচবিহারের পানিশালা এলাকার লোকালয়ে লেপার্ড ঢুকে পড়েছিল। আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনজন গ্রামবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ওই একই এলাকায় লেপার্ড আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাতে কোচবিহার ১ নং ব্লকের পানিশালা অঞ্চলের মহিষবাথান বাজার এলাকায় লেপার্ড আতঙ্ক দেখা দেয়। এরপর এই এলাকার যেসব অঞ্চলে লেপার্ডের আতঙ্ক দেখা দিয়েছে, সেই সব জায়গায় বন দফতরের তরফে খাঁচা বসানো হয়।
রবিবার সকাল অবধি সেই খাঁচার আশেপাশে পায়ের ছাপ দেখা গেলেও কোনও লেপার্ড ধরা পড়েনি। এছাড়া এই পায়ের ছাপ আদৌ লেপার্ডের কিনা সেই নিয়ে বন দফতরের কোনও তথ্য পাওয়া যায়নি বলে খবর।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কোচবিহারের পানিশালা এলাকার লোকালয়ে আচমকা একটি লেপার্ড ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ওই লেপার্ড গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এর জেরে আহত হন তিনজন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। তাঁরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনার পর কয়েকদিন যেতে না যেতেই ফের এই এলাকায় লেপার্ড আতঙ্ক দেখা দিল। ফলে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 18, 2026 11:23 AM IST




Post Comment