Indian Railways: শিল্পাঞ্চলের লাইফলাইনে বড়সড় ভোলবদল, এবার ‘সুপারফাস্ট’ গতিতে ঘুরবে ট্রেনের চাকা! বড় চমক যাত্রী সুরক্ষায়
Last Updated:
Indian Railways: আসানসোল রেলওয়ে ডিভিশনে বড় কর্মযজ্ঞ। গত কয়েকদিনের মধ্যে এই ডিভিশনে একাধিক বড় কাজ সেরে ফেলেছে পূর্ব রেল। যার সুফল ভোগ করবেন আমজনতা। এই আধুনিকীকরণের ফলে ট্রেনের গতি বাড়বে। একইসঙ্গে বাড়বে যাত্রীদের সুরক্ষা। পাশাপাশি ট্রেন দেরিতে আসার যে অভিযোগ ছিল, তা অনেকখানি কমবে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: খনি অঞ্চল ও শিল্পাঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত আসানসোল রেলওয়ে ডিভিশন। এই রেলওয়ে করিডোরের খোলনলচে বদলে দিতে নিঃশব্দেই সেরে ফেলা হল বড় কর্মযজ্ঞ। গত ১ মে থেকে ১৭ জুন পর্যন্ত কোমর বেঁধে নেমে ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন এবং ওপরের বৈদ্যুতিক তারের পরিকাঠামোকে আপগ্রেড করে ফেলেছে আসনসোল ডিভিশন।
দেরিতে ট্রেন আসার তকমা ঘোচাতে এবং লাইনে ঘন ঘন পাওয়ার কাটের ঝক্কি দূর করতেই রেলের এই কর্মকাণ্ড। রেলের সূত্রে জানা গিয়েছে, ব্যস্ত লাইনে প্রায় ২০ কিলোমিটারের বেশি পুরনো ও ক্ষয়ে যাওয়া বিদ্যুৎবাহী তার বদলে ফেলা হয়েছে। শুধু তাই নয়, চলন্ত ট্রেনের গতি ধরে রাখতে ৪.৪ কিলোমিটার পুরনো ক্যাটেনারি তারও পাল্টেছে রেল।
উল্লেখ্য, শিল্পাঞ্চলের এই রেল রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এছাড়াও মালবাহী ট্রেনের চাপও থাকে। তাই সুরক্ষায় যাতে বিন্দুমাত্র ফাঁক না থাকে, তার জন্য ৫৭টি পুরনো ওএইচই খুঁটি উপড়ে ফেলে বসেছে নতুন আধুনিক স্ট্রাকচার। সঙ্গে ২২টি ব্যাকডেটেড ইলেকট্রিক্যাল আইসোলেটর বদলে লাগানো হয়েছে ১৬০০ অ্যাম্পিয়ারের সুপার-ফাস্ট আইসোলেটর। যার ফলে সবমিলিয়ে ট্রেনের গতি বাড়বে, বাড়বে সুরক্ষা। একইসঙ্গে যাত্রীদের হয়রানি অনেকটা কমবে।
Asansol,Barddhaman,West Bengal




Post Comment