হাশমাতুল্লার প্রথম সেঞ্চুরি সত্ত্বেও প্রসিদ্ধের ৫ উইকেটে অল্প রানেই অল আউট আফগানিস্তান
চেন্নাই: তামিলনাড়ুর তপ্ত দুপুরে বল হাতে ম্যাচের শুরুতেই আগুন ঝরিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। তাঁর উত্তাপ এতটাই ছিল যে আফগানিস্তান টপ অর্ডার তাতে পুড়ে ছারখার হয়ে যায়। সেই খান থেকে অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি (Hashmatullah Shahidi) গরম, খিঁচ এবং ব্যাটিং ধস সামলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে খানিকটা উদ্ধার করলেও, খুব বেশি রান তুলতে পারল না আফগানিস্তান (IND vs AFG )। ইনিংসের ৩৪ বল বাকি থাকতেই মাত্র ২১৮ রানেই গুটিয়ে গেল হাশমাতুল্লার দলের ইনিংস। নিজের ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ।
ভারতীয় দল প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ায় আপাত অর্থে এই ম্য়াচটি নিয়মরক্ষারই ছিল। আর সেই নিয়মরক্ষার ম্যাচে এদিন দুই দলই একগুচ্ছ বদল ঘটিয়ে মাঠে নেমেছিল। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবেরা। ম্যাচে টস জিতে দুই অধিনায়কই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন। তবে টস ভাগ্য যায় হাশমাতুল্লার দখলে। তিনি টস জেতায় আফগানরা আগে ব্যাটিংয়ে নামে। কিন্তু প্রথমে ব্যাটে নেমেই বিপর্যয়।
এদিন অর্শদীপের অনুপস্থিতিতে প্রসিদ্ধ কৃষ্ণ নতুন বল হাতে পান। তাঁকে কার্যত খেলতেই পারছিলেন না আফগান টপ অর্ডার ব্যাটাররা। নিজের ইনিংসের প্রথম বলেই রহমানুল্লা গুরবাজকে ফেরান কৃষ্ণ। প্রথম দুই ওভারে কোনও রানও খরচ করেননি তিনি। এরপরে নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে ইব্রাহিম জাদরান ও রহমনত শাহকে ১১ ও পাঁচ রানে ফেরান প্রসিদ্ধ। তিন ব্যাটারই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ছিল ডারউইশ রসুলির পালা। তিনিও প্রসিদ্ধের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে সাজঘরে ফেরেন। ৩৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান।
আরও পড়ুন:- ইংল্যান্ড সিরিজ় থেকেও ছিটকে গেলেন হার্দিক, কোহলির ভাগ্য নির্ধারণ ২২ জুন- রিপোর্ট
এমন অবস্থায় অধিনায়ক হাশমাতুল্লার সঙ্গ দিতে মাঠে নামেন আজমাতুল্লা ওমরজ়াই। দুইজনে মিলে ইনিংসের হাল ধরেন। প্রসিদ্ধ অ্যাটাক থেকে দূরে সরতেই ভারতীয় বোলিংয়ের ঝাঁঝও কমে, শুরু হয় আফগানদের পাল্টা লড়াই। ওমরজ়াই আক্রমণ চালান এবং হাশমাতুল্লা খানিকটা দেখেশুনে খেলেন। দেখতে দেখতে দুই ব্যাটারই নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন। পূর্ণ হয় সেঞ্চুরি পার্টনারশিপও। তবে অর্ধশতরান পূরণ করার পরেই প্রিন্স যাদবের বলে ৫০ রানে ফিরতে হয় ওমরজ়াইকে।
এরপরে ফের আরেক অলরাউন্ডার, অভিজ্ঞ মহম্মদ নবিকে সঙ্গ নিয়ে ইনিংস গড়তে থাকেন হাশমাতুল্লা। ষষ্ঠ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন তাঁরা। কিন্তু আফগানিস্তানের দু’শো রানের দোরগোড়াতেই নবি আউট হন। গুরনুরের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন তিনি। এরপর তো একের পর এক উইকেট যায়। দুই ব্যাটার তো পরপর ওভারে রান আউটই হন। আফগানদের উইকেট হারানোর ধুম দেখে মনে হচ্ছিল নিশ্চিত শতরানের পথে অগ্রসর হাশমাতুল্লার সেঞ্চুরির আগেই দল অল আউট হয়ে যাবে। তবে তেমনটা হয়। বরং, হাশমাতের সেঞ্চুরির পর তিনিই বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দেন আর সেই সঙ্গেই প্রসিদ্ধের পাঁচ উইকেট পূর্ণ হয়।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ



Post Comment