চাকরিহারা শিক্ষকদের উপর হামলা চালিয়েছিল সব্যসাচী দত্তর অনুগামীরা, উপস্থিত ছিলেন সব্যসাচী নিজেও
কলকাতা : গত বছর সল্টলেকে চাকরিহারা শিক্ষকদের উপর হামলা চালিয়েছিল সব্য়সাচী দত্তর অনুগামীরা। আজ সেই সব্যসাচী দত্তকে লক্ষ্য করেই ডিম, টম্যাটো, গোবর ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে তৃণমূলের রাজপাট গেছে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর এভাবেই দফায় দফায় ডিম আক্রমণের মুখে পড়তে হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে।
আর ক্ষমতায় থাকাকালীন এই সব্য়সাচী দত্তর অনুগামীরা বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর চড়াও হয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সব্য়সাচী দত্ত নিজেও। দিনটা ছিল ২০২৫ সালের ১৫ মে। হকের চাকরি খুইয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেখানেই আন্দোলনকারীদের উপর চড়াও হন সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশ, RAF-এর সামনেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিঁচড়ে কিল, ঘুষি, লাথি, হেলমেট দিয়ে মেরে সব্যসাচী দত্তর গাড়ির সামনে থেকে সরানো হয়। একসময় যিনি বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দাদাগিরি করেছিলেন, আজ তাঁকে লক্ষ্য় করেই কখনও পচা ডিম, কখনও টম্যাটো, কখনও গোবর ছোড়়া হচ্ছে।
পরপর দু’দিন। তোলাবাজির মামলায় ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে ম্যারাথন তল্লাশি চালাল বিধাননগর উত্তর থানা। গতকালের পর আজ, বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের দুই ঠিকানা থেকে বাজেয়াপ্ত হল একাধিক দলিল-সহ প্রচুর সোনা কেনার রশিদ। পুলিশ সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সব্যসাচী দত্তের আয়ের হিসাব। বিধাননগরের বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্য়সাচী দত্তর ওপর ডিমবৃষ্টি করল বিক্ষোভকারারী। উগড়ে দিল ক্ষোভ। একদা বিধাননগর পুর-এলাকা শাসন করা তৃণমূল নেতাকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও। সেই সঙ্গে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, চোখ রাঙানি, হুমকির মতো লম্বা তালিকা তুলে ধরলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, সব্যসাচী সবার উপর অত্যাচার করতেন। টাকা অর্থাৎ তোলা না দিলে বেঁধে নিয়ে গিয়ে মারধর করা হতো।
ঠিক এক সপ্তাহ আগে, তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। গ্রেফতারির ৬ দিনের মাথায় সব্যসাচী দত্তকে নিয়ে বিধাননগরের বিভিন্ন এলাকায় পৌঁছে যায় পুলিশ। রবিবার, বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অফিসে অভিযানের পর সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়ি ও রাজারহাটের ফ্ল্যাটে প্রায় মাঝরাত পর্যন্ত চলে ম্যারাথন তল্লাশি। পুলিশ সূত্রে দাবি, রাজারহাটে সব্যসাচী দত্তের ৭ তলা এবং ১৩ তলার ফ্ল্য়াটে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রচুর সোনা কেনার রসিদ। পাশাপাশি, তল্লাশিতে নিউটাউনে কেনা একাধিক ফ্ল্য়াট ও জমির দলিল মিলেছে। সোমবার ফের সব্যসাচী দত্তকে নিয়ে বেরোয় বিধাননগর উত্তর থানা। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে তাঁর সল্টলেকের বাড়ি হয়ে রাজারহাটের ফ্ল্যাটে ফের চলে পুলিশি অভিযান। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তের ঠিকানা থেকে বাজেয়াপ্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী



Post Comment