বিরাটকে নিয়ে নিশ্চিত হলেও ওয়ান ডে বিশ্বকাপের আগে বোর্ডের চিন্তা বাড়াচ্ছেন রোহিত

বিরাটকে নিয়ে নিশ্চিত হলেও ওয়ান ডে বিশ্বকাপের আগে বোর্ডের চিন্তা বাড়াচ্ছেন রোহিত

মুম্বই: আদৌ কি আগামী বছর হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে? দুজনেই বর্তমানে আইপিএলে খেলছেন। তবে বিসিসিআই রোহিত শর্মার ফিটনেস নিয়ে উদ্বিগ্ন। আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে রোহিত শর্মাকে দলে নেওয়া হয়েছে। কিন্তু আদৌ কতটা খেলতে পারবেন হিটম্য়ান, তা এখনও নিশ্চিত নয়। কারণ আইপিএলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাঠে শুধু ব্যাটিংয়ের সময়ই দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে। এরফলে বোর্ডও চিন্তিত এই মুহূর্তে।

বিসিসিআইয়ের সূত্র মারফৎ জানানো হয়েছে, ‘রোহিত শর্মার ওজন কমলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের চাপ কতটা নিতে পারবে সে, তা এখনও নিশ্চিত নয়। তাঁকে ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। ওয়ান ডে ক্রিকেটে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প নেই। বিশ্বকাপেও তো একাদশে থাকলে সেই ম্য়াচগুলোতে মাঠে নেমে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও করতে হবে রোহিতকে।’

রোহিতকে নিয়ে একদিকে যখন চিন্তার কালো মেঘ, তখন বিরাট কোহলিকে নিয়ে ততটাই নিশ্চিত বোর্ড। এই বয়সেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ছয়ে রয়েছেন কিং কোহলি। মাঠে ফিল্ডিংও করছেন দুর্দান্তভাবে। রিপোর্টে বলা হয়েছে যে ফিটনেসের বিশাল পার্থক্যের কারণে বিসিসিআই আর রোহিত এবং বিরাট কোহলিকে একই মানদণ্ডে দেখছে না। যেখানে রোহিত বারবার চোট সমস্যায় ভুগছেন, সেখানে কোহলি বারবার প্রমাণ করছেন কেন তিনি বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন, বরং অন্যতম ফিট ক্রীড়াবিদ। এমনকী ভারত থেকে দূরে থাকলেও কোহলি লর্ডসের ইন্ডোর সুবিধায় নিয়মিত অনুশীলন চালিয়ে যান, যার ফলেই এখনও নিজের ফিটনেস ধরে রাখতে পেরেছেন তিনি।

রোহিত অবশ্য রান কিন্তু করে গিয়েছেন ধারাবাহিকভাবে। শেষ ১০টি ওয়ান ডে-র মধ্যে চারটি অর্ধশতরান ও একটি শতরান করেছেন। তবে ওজন কমলেও, তাঁর শরীর কতটা চাপ সহ্য করতে পারে, সেটাই শেষ পর্যন্ত ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁর ভাগ্য নির্ধারণ করবে। রোহিতের ফিটনেস যদি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু বিসিসিআইকে বিকল্প ভাবনা ভাবতেই হবে। আগামী ১৪, ১৭ ও ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য ঈশান কিশানকে দলে নেওয়া হয়েছে, কিন্তু যশস্বী জয়সওয়াল এখনও অপেক্ষায়। এরপর জুলাইয়ের মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেই সিরিজের সময়ও রোহিতের ফিটনেস পরখ করে দেখা হবে।

Post Comment

You May Have Missed