প্রতিকা রাওয়ালের দুরন্ত শতরানে জিম্বাবোয়েকে হেলায় হারাল বিশ্বচ্যাম্পিয়ন ভারত

বঢোদরা: প্রায় আট মাস ভারতীয় মহিলা দল একটিও ওয়ান ডে ম্যাচ খেলেনি। তবে তাঁদের খেলা দেখে তা বোঝা দায়। বিশ্বজয়ের পর নিজেদের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলতে নামা ওমেন ইন ব্লু জিম্বাবোয়েকে দুরমুশ করল। পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পরে নিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই জয় পেলেন স্মৃতি মান্ধানাও। ভারতের জয়ের নেপথ্যে ওপেনার প্রতিকা রাওয়াল (Pratika Rawal) এবং বোলিংয়ে ক্রান্তি গৌর এবং শ্রী চরণীর বোলিং।

জিম্বাবোয়ে (INDW vs ZIMW) এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে ওপেনার লরেন ফিরিকে মাত্র এক রানে ফেরান ক্রান্তি। তাঁর বাউন্সারে কুপোকাত হন জিম্বাবোয়ে ওপেনার। ভাল ছন্দে দেখানো তিরিপানোকে ফেরান শ্রী চরণী। তার নয় রানের মধ্যেই মুপাচিকাওয়াকেও আউট করেন তিনি। নিরন্তর ব্যবধানে যেখানে জিম্বাবোয়ে একের পর এক উইকেট হারাতে থাকে, সেখানে চার নম্বরে ব্যাটে নামা বিলাভড বিজ়া এক দিক ধরে রাখেন। গুয়াজুরা তাঁকে খানিকটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। দুইজনে মিলে ৪৩ রান যোগও করেন। তবে ফের একবার শ্রী চরণী ভারতকে সাফল্য এনে দেন।

একের পর এক উইকেট পড়তে থাকে জিম্বাবোয়ের। কিন্তু এসবের মধ্যেও ১৭ বছরের বিজ়া দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে ভারতীয় দলের বিরুদ্ধে অর্ধশতরান পূরণ করেন। নবম উইকেট হিসাবে তাঁর পতন ঘটলে জিম্বাবোয়ে ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। ১৯৭ রানেই অল আউট হয়ে যায় তাঁরা। শ্রী চরণী চারটি এবং ক্রান্তি তিনটি উইকেট নেন।

 

জবাবে ব্যাটে নেমে প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানা দুরন্ত গতিতে ভারতীয় ইনিংসের শুরুটা করেন। জিম্বাবোয়ের খারাপ বোলিংও তাঁদের সাহায্যই করে বটে। পাঁচ ওভারেই ভারত ৪৮ রান তুলে ফেলে। প্রতিকা মাত্র ৫৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। মান্ধানার সঙ্গে মিলে তিনি ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। 

মান্ধানা ২৫ রানে অলিন্ডার চারির বলে আউট হলে শেফালি বর্মা মাঠে নেমে প্রতিকাকে সঙ্গে দেন। দুইজনে মিলে জিম্বাবোয়েকে ম্য়াচে ফেরার আর কোনও সুযোগই দেননি। শেফালি মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। অপরদিকে প্রতিকা মাকুশার বিরুদ্ধে জোড়া বাউন্ডারি মেরে নিজের শতরান পূরণ করেন। শেষমেশ তিনি ১০০ রানেই অপরাজিত থাকেন। অপরদিকে, শেফালি ৬৪ রানে নট আউট থাকেন। উইনিং শটটাও তাঁর ব্যাট থেকেই আসে। ভারত ১৩৭ বল বাকি থাকতেই নয় উইকেট ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে যায়।   

Post Comment

You May Have Missed