Child Death By Snake: মহিলা চিকিৎসক ‘কাজের কাজ’ কিছু করতে পারেনি, সাপে কাটা ৭ বছরের শিশুর মৃত্যু ঘিরে হুলস্থূল, বাহিনী মোতায়েন
Last Updated:
চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যু পুঞ্চা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা চরমে! পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে টেনে-হিঁচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়।
পুরুলিয়া : চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল পুঞ্চায়। সাপে কাটা এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুঞ্চা ব্লকের হাতিহাড় গ্রামের সাত বছরের এক শিশুকে শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।
অভিযোগ, রাত ১১টা থেকে প্রায় ১ টা পর্যন্ত হাসপাতালে নিয়ে আসার পরেও শিশুটিকে চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। চিকিৎসকদের উদাসীনতা ও গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতা কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে টেনে-হিঁচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH)-এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার খবর পেয়েও বিএমওএইচ কেন হাসপাতালে এসে পরিস্থিতির তদারকি করেননি।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Sharmistha Banerjee
Kolkata,West Bengal
Child Death By Snake: মহিলা চিকিৎসক ‘কাজের কাজ’ কিছু করতে পারেনি, সাপে কাটা ৭ বছরের শিশুর মৃত্যু ঘিরে হুলস্থূল, বাহিনী মোতায়েন



Post Comment