Purulia News: রাতের অন্ধকারে আমবাগানে বুনো হাতির তাণ্ডব! বাজারে বিক্রির আগেই তছনছ ফসল, মাথায় হাত মালিকের
Last Updated:
Purulia News: বুনো হাতির দল একাধিক আমগাছের মোটা ডাল ভেঙে দেওয়ার পাশাপাশি গাছে থাকা পাকা ও আধপাকা আম খেয়ে এবং মাটিতে ফেলে নষ্ট করে দেয়। ব্যাপক ক্ষতির সম্মুখীন বাগান মালিক।
বাঘমুন্ডি,পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আমবাগানে তাণ্ডব চালাল বুনো হাতির দল। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল গাছভর্তি আমের বাগান। পুরুলিয়ার বাঘমুন্ডি রেঞ্জের শ্রাবন্ডী এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবন্ডী গ্রামের বাসিন্দা দীপক মাহাতোর প্রায় ২৫ ডেসিমেল জমির আমবাগানে গভীর রাতে হানা দেয় বুনো হাতির একটি দল। তাঁরা দীর্ঘক্ষণ ধরে বাগানের ভিতরে তাণ্ডব চালায়। একাধিক আমগাছের মোটা ডাল ভেঙে দেওয়ার পাশাপাশি গাছে থাকা পাকা ও আধপাকা আম খেয়ে এবং মাটিতে ফেলে নষ্ট করে দেয়। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক।
এই বিষয়ে আম বাগানের মালিক দীপক মাহাতো জানান, এলাকায় প্রায়ই বুনো হাতির আনাগোনা দেখা যায়। তবে এবার হাতির দল সরাসরি আমবাগানে ঢুকে এমন ক্ষয়ক্ষতি চালাবে, তা ভাবতে পারেননি। বাজারে বিক্রির উদ্দেশেই এই আম চাষ করেছিলেন। কিন্তু রাতারাতি সেই স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। বন দফতরের কাছে লিখিত অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করার কথা বলেন দীপক মাহাতো।
বাঘমুন্ডি ও সংলগ্ন জঙ্গলমহল এলাকায় মাঝেমধ্যেই বুনো হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। হাতির দলের হানার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারাও। রাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। যদিও বন বিভাগের তরফ থেকে বিষয়টি তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Post Comment