‘কেউ যদি অমান্য করার চেষ্টা করে…’, কাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের?

‘কেউ যদি অমান্য করার চেষ্টা করে…’, কাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের?

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে মুখ্যসচিবের দায়িত্ব নিলেন তিনি। ফলে, আগের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে করা হল প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার। মুখ্যসচিব হয়েই একাধিক বিষয় নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন মনোজ কুমার আগরওয়াল।     

আরও পড়ুন: যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে রাজ্যের মুখ্যসচিব, আগামী ১০০ দিনে কী কী করতে চাইবেন তিনি? মনোজ কুমার আগরওয়াল বললেন, “আগামী ১০০ দিনে সংকল্প পত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে, সেই সব সংকল্প পূরণ করা হবে। আজ আমি সব সেক্রেটারিদের নিয়ে মিটিং করব। তারপর বলতে পারব কত দিনে কী হবে।”     

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে যা যা নির্দেশ দেওয়া হয়েছে, তা যাঁরা অমান্য করবে তাঁদের জন্য কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তিনি। মনোজ কুমার আগরওয়াল বললেন, “গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তিনি একটা মুক্ত, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চান। আমি সব লেভেলে মিটিং করব। সব লেভেলে আমার বার্তা পৌঁছে দেব। তারপর যদি কেউ তা অমান্য করার চেষ্টা করে, তাহলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”     

আরও পড়ুন: দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান 

শিক্ষা আর স্বাস্থ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই বিষয় দুটোকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে বলছেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের নতুন মুখ্যসচিব বলছেন, “আমি তো অনেকদিনই কোনও সরকারের মধ্যে ছিলাম না। গত ৪ – ৫ বছরই এমন ছিল। ফলে, আমাকে আগে মূল্যায়ন করতে হবে কী অবস্থা রয়েছে। তারপরই আমি বলতে পারব যে আমরা আসলে কী কী করতে পারব বা ধাপে ধাপে কী কী করব। তার কতটা কী সময় লাগবে। কিন্তু নিশ্চয় স্বাস্থ্য আর শিক্ষা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন, এই দুই ক্ষেত্রের উন্নতি সর্বাগ্রে প্রয়োজন।” এর পাশাপাশি তিনিও নিশ্চিত করলেন যে কোনও সরকারি প্রকল্প বন্ধ হবে না, সব সরকারি প্রকল্পই যেমন চলছে তেমনই চলবে।     

Post Comment

You May Have Missed