তৈরি হচ্ছে হেলিপ্যাড, বিপুল আয়োজন, ২৫ বৈশাখ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, আসছেন মোদি-শাহ
কলকাতা: ২৫ বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল ১১টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্য রাজ্যে বিজেপি-র মুখ্যমন্ত্রীরাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে ব্রিগেডে। (West Bengal CM Oath Ceremony)
ব্রিগেডে এই মুহূর্তে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরকদমে। বিজেপি সূত্রে খবর, কাল সকালেই কলকাতায় আসছেন শাহ। শনিবার সকাল ১০.৩০টায় কলকাতায় নামবেন মোদি। শপথগ্রহণ অনুষ্ঠান থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা বিজেপি শাসিত বা বিজেপি জোটের ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীও। (BJP News)
আরও পড়ুন: ‘মানসিক দংশনে’ ভুগছেন শুভেন্দু অধিকারী, চন্দ্রনাথ রথ খুনে বললেন, ‘ভবানীপুরে মমতাকে যদি না হারাতাম…’
২৫ বৈশাখের দিনটিকেই শপথগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের সাফল্য বড় করে তুলে ধরতে চাইছে বিজেপি। তাদের দাবি, দক্ষিণ ভারতের অনেকটাই জয় করতে পেরেছে তারা। হিন্দি বলয়েও দীর্ঘদিন গেরুয়া পতাকা উত্তোলিত থেকেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্য, যিনি জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, যে জনসঙ্ঘ পরবর্তীতে বিজেপি-তে রবপান্তরিত হয়, সেই প্রতিষ্ঠাতার রাজ্যে এত বছর পা রাখতে পারেনি বিজেপি। গত ১৫ বছর ধরে একটানা প্রচেষ্টার পর মিলেছে সাফল্য। তাই উদযাপনে কোনও খামতি থাকছে না।
রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী কাল রাজ্যে আসছেন শাহ। দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে পৌঁছবেন তিনি। ২টো থেকে একটানা পরিষদীয় দলের বৈঠক হবে। ঘোষণা হবে পরিষদীয় দলের নেতা কে। এর পর রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। শনিবার শেষ পর্যন্ত শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী নন শুধু, ব্রিগেডে মন্ত্রীদের অনেকেও শপথ নেবেন। পরবর্তীতে দফতর ঘোষণা হবে।
আরও পড়ুন: সরকার গড়ার আগেই রাজ্যপালের সঙ্গে সংঘাত! থালাপতি বিজয়কে সরকার গঠনে বাধা? প্রতিবাদ অন্য বিরোধীরাও
এদিন ব্রিগেডে প্রস্তুতি দেখছিলেন দেবজিৎ সরকার। তিনি বলেন, “ব্যবস্থা আশা করি ভালই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গ বাসীর সরকার। বিজেপি বিধায়করা সরকার নিশ্চয়ই চালালেও, এটা মানুষের সরকার। টাইট সিকিওরিটি। কারণ সেদিনের জন্য সারা ভারতের পাওয়ার সেন্টার এখানে।” ব্রিগেডে হেলিপ্যাডও গড়া হচ্ছে। ফলে সরাসরি সেখানেই এসে নামতে পারেন মোদি। তবে বৃষ্টি হলে সূচি বদলাতে পারে।
সিপি অজয় নন্দা বলেন, “এন্ট্রি অফ ভেহিকলস দেখতে হবে। রাস্তার কাজ হচ্ছে। রাজ্য পুলিশ থাকবে। আইজি সিআরপিএফ আসছেন। কথা বলে পরিকল্পনা করছি আমরা।”
এখনও পর্যন্ত মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, নিশীথ প্রামাণিক, সৌরভ শিকদার, দিলীপ ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, বঙ্কিম ঘোষ, নমন রাই, সজল ঘোষ, রুদ্রনীস ঘোষ, সুব্রত ঠাকুর। স্পিকার করা হতে পারে তাপস রায়কে। কারণ তাপস সবচেয়ে বর্ষীয়ান। নিশীথ এক সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। তপন শিকদারের ভাইপো সৌরভ।



Post Comment