ভয়ঙ্কর! ভোট মিটতেই খাস কলকাতায় বিজেপি এজেন্ট-কর্মীর বাড়িতে ‘৫০-৬০ জন মিলে হামলা’
কলকাতা : ভোটপর্ব শেষ হতেই ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল গড়িয়ার পঞ্চসায়র এলাকায়। যাদবপুর বিধানসভার অন্তর্গত ১৫৩ নম্বর বুথ এলাকায় বিজেপি এজেন্টের অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি এজেন্ট শান্তনু সরকারের নির্মাণ সংস্থার অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী। অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
বিজেপির অভিযোগ, প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল এলাকায় ঢুকে এই হামলা চালায়। পাশের এক বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় বলে দাবি। জানা গিয়েছে, হামলার সময় প্রশান্ত ঘোষ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়।
এছাড়াও হামলাকারীরা নিজেদের পরিচয় গোপন রাখতে আশেপাশের আরও একটি বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ( Ananya Bandyopadhyay)। তাঁর দাবি, তৃণমূলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন : ‘একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা’ কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক



Post Comment