Bankura News: বেল বাজলেই জলপানের হিড়িক, খুদে পড়ুয়াদের সুস্থ রাখতে নয়া কৌশল! স্কুলের ‘সিক্রেট’ ফর্মুলা জেনে অবাক সবাই
Last Updated:
Bankura News: প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের শরীর থেকে দ্রুত জলশূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলায় বিদ্যালয়ের শিক্ষকেরা এক অভিনব উদ্যোগ নিয়েছেন, “ওয়াটার বেল”। প্রতি এক ঘণ্টা অন্তর ঘন্টা বাজিয়ে ছাত্রছাত্রীদের জল পান করার জন্য আহ্বান জানানো হবে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত রাইপুরে অবস্থিত চাতরী নিম্নবুনিয়াদী আবাসিক বিদ্যালয় এক অনন্য উদাহরণ তৈরি করেছে শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে। শহরের কোলাহল ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেক দূরে হলেও, বিদ্যালয়টি তার নিজস্ব প্রচেষ্টায় হয়ে উঠেছে রঙিন ও প্রাণবন্ত। শিক্ষকরা নিজেদের উদ্যোগে স্কুলের দেওয়াল রঙিন করে তুলেছেন, তৈরি করেছেন পড়াশোনার উপযোগী এক মনোরম পরিবেশ। আবাসিক ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিটি ক্ষেত্রে যত্নের ছাপ স্পষ্ট।
তবে এই সুন্দর পরিবেশের মাঝেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের শরীর থেকে দ্রুত জলশূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ছে। ফলে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও এখন বড় দায়িত্ব হয়ে উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বিশেষ করে জঙ্গলমহলের মত অঞ্চলে, যেখানে প্রাকৃতিক প্রতিকূলতা আরও বেশি প্রকট, সেখানে এই সমস্যা আরও গুরুতর হয়ে উঠছে।
এই পরিস্থিতির মোকাবিলায় বিদ্যালয়ের শিক্ষকেরা এক অভিনব উদ্যোগ নিয়েছেন, “ওয়াটার বেল”। প্রতি এক ঘণ্টা অন্তর ঘন্টা বাজিয়ে ছাত্রছাত্রীদের জল পান করার জন্য আহ্বান জানানো হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী ১১:৩০, ১২:৩০, ১:৩০, ২:৩০ এবং ৩:৩০-এ এই বেল বাজবে। প্রতিবারই শিক্ষার্থীরা স্টিলের গ্লাসে ঠান্ডা জল ও গ্লুকোজ মিশ্রিত পানীয় গ্রহণ করবে, যাতে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের সুস্থ রাখা এবং দাবদাহের প্রভাব কমানো। শিক্ষকদের এই সচেতনতা ও উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার দিকেও যে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, তা এই “ওয়াটার বেল” কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
Bankura,Bankura,West Bengal



Post Comment