‘আমি তৃণমূল করি, আপনাকে ভোট দেব কেন?’, বরানগরে মহিলা ভোটারের বিক্ষোভের মুখে সিপিএমের সায়নদীপ

‘আমি তৃণমূল করি, আপনাকে ভোট দেব কেন?’, বরানগরে মহিলা ভোটারের বিক্ষোভের মুখে সিপিএমের সায়নদীপ

বরানগর : প্রচারে বেরিয়ে মহিলা তৃণমূল সমর্থকের ক্ষোভের মুখে পড়লেন বরানগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বরানগর পুরসভার রামকৃষ্ণ পল্লি এলাকার বাসিন্দা, বাড়ি থেকে বেরিয়ে তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্যও করেন। এটাই তৃণমূলের সংসকৃতি বলে কটাক্ষ করেছেন বরানগরের সিপিএম প্রার্থী। মানুষের ক্ষোভের বহির্প্রকাশ বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন, বরানগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন এলাকার সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময়, এলাকার এক মহিলা নিজেকে তৃণমূল সমর্থক পরিচয় দিয়ে সায়নদীপ মিত্রকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন বরানগরের সিপিএম প্রার্থী। যা নিয়ে শুরু হয় তরজা। 

‘আমি তৃণমূল করি। আপনাকে ভোট দেব কেন? আপনি কি করেছেন?’ বলেন ওই মহিলা ভোটার। পাল্টা সায়নদীপ বলেন, ‘ছাপ্পা মারার দিন শেষ দিদিভাই।’ এরপর ওই ভোটার এবং নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করা মহিলা সায়নদীপের উদ্দেশে বলেন, ‘কোনও ভোট পাবেন না। শূন্যই থাকবে।’ পাল্টা সায়নদীপ বলেন, ‘ভোট জনগণ দেবে, দেখা যাবে।’ এরপর মাইক হাতে আশপাশের বাড়ির দিকে তাকিয়ে সায়নদীপ মিত্রকে বলতে শোনা যায়, ‘চোর … চোর…এদের কথা শুনবেন না, এগুলো একবারে রেজিস্টার্ড চোর। চুরির টাকার সুদে-আসলে হিসাব হবে।’ 

এই গোটা ঘটনায় বরানগরের সিপিএম প্রার্থী সয়নদীপ মিত্র বলছেন, ‘একজন ভদ্রমহিলাকে নমস্কার করে সৌজন্য বিনিময় করছি। এটা কার রাস্তায় হাঁটছিস, এটা তোর বাবার রাস্তা নাকি…৩৪ বছর এই রাস্তা কোথায় ছিল? একজন মহিলার মুখের ভাষা দেখে তো আমি চমকে গেছি। এটাই তৃণমূলের কালচার।’ অন্যদিকে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় আবার এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘CPM যে অত্যাচার গত ৩৪ বছর ধরে করেছে, তার ক্ষত, তার দাগ তার ব্যথা মানুষের মনে তো এখনও রয়েছে। মানুষের স্বতঃসফূর্ত বিক্ষোভের মুখে তাঁকে পড়তে হয়েছে।’ 

বরানগর বিধানসভায় এবার লড়াই ত্রিমুখী। সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রর লড়াই তৃণমূলের সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় এবং বিজেপির সজল ঘোষের সঙ্গে। ২৯ এপ্রিল, বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় বরানগরে ভোট। গঙ্গাপাড়ের এই জনপদে, জনমত কার দিকে যাবে জানা যাবে ৪ মে। আগামী ২৯ এপ্রিল ৭ রাজ্যের ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। 

Post Comment

You May Have Missed