বাইকে নিষেধাজ্ঞা, বন্ধ মদের দোকান, এবারের ভোটে নজিরবিহীন ছবি পশ্চিমবঙ্গে, কী কী নিয়ম কমিশনের
কলকাতা : বিধানসভা ভোট সুষ্ঠু এবং অবাধ করতে, একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার বাইক র্যালি নিষিদ্ধ করল কমিশন। পাশাপাশি মোটরবাইক চলাচলেও শর্তস্বাপেক্ষে রাশ টানল নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোটের দিন ও তার তিন দিন আগে থেকে বন্ধ থাকছে মদের দোকান। ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেকর্ড সংখ্য়ক কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীন নজরদারি। ঐতিহাসিক ভোট-ব্য়বস্থা। মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা-বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে, যা এর আগে কোনও দেখেন পশ্চিমবঙ্গবাসী। এই নজিরবিহীন পরিস্থিতিতে, বেনজির বাগযুদ্ধের মধ্য়েই আরও এক বড় ব্য়বস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়াল। অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্তস্বাপেক্ষে রাশ টানল নির্বাচন কমিশন।
ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভোটের ২ দিন আগে থেকে কোনও মোটর বাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের ২ দিন আগে মোটর বাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না। তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, মোটর বাইকে চলাচল করলেও, চালকের পিছনে কাউকে বসানো যাবে না। অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, সকুলে পড়ুয়াদের যাতায়াতকে।
ভোটের দিন মোটর বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, ভোটকেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরেই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় ২৭ এপ্রিল থেকে মোটর বাইক র্যালির ওপর নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে যদি কোনও ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন।
এরই মধ্য়ে আবার রাজ্য়ের কোন কোন জায়গায়, ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যান্যবার ভোটের ২ দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়। কিন্তু এবার সেই সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৯৬ ঘণ্টা করে দেওয়া হয়েছে। জেলাশাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে, রাজ্যের আবগারি দফতরে কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী, মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা ৯৬ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।
এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই ২০ থেকে ২৩ এপ্রিল এবং ২৫ এপ্রিল সন্ধে ৬টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চৌঠা মে, ভোটের ফল ঘোষণার দিনও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে।



Post Comment