পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নাম বাদ গেল কত? বদলে যাবে নির্বাচনী সমীকরণ?
রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক: মালদা থেকে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা। মুসলিম অধ্য়ুষিত এই জেলাগুলিও ভোটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চূড়ান্ত ভোটার তালিকায় সেই সমস্ত জেলায় কত নাম বাদ গেল, দেখে নেওয়া যাক। (West Bengal SIR Final List)
সংখ্যালঘুরা কাদের পাশে? পশ্চিমবঙ্গে ভোট আসা মানেই, এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিকমহলে। কারণ, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই নির্ণায়ক হয়ে উঠতে পারেন। (West Bengal SIR Voter Final List)
এই আবহেই শনিবার প্রকাশিত হল SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে, মালদা, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কতজনের নাম থাকল, আর কতজনের নাম বাদ গেল, তারও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেমন, মালদায় খসড়া তালিকায় ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জনের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় সংখ্যাটা ২ লক্ষ ২০ হাজার ১৫৩। সেই অনুযায়ী বিচার করলে আরও ১৮ হাজার ২৮০ নাম বাদ গিয়েছে।
মুর্শিদাবাদে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল ২ লক্ষ ৭৮ হাজার জনের।আর চূড়ান্ত তালিকায় বাদ গেল আরও ১৪ হাজার ৯৮৫ নাম, সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৯৩ হাজার।
এ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদকে ভয় পান, যতই বাঙালি ভোটার কাটুন, বাংলাকে কাটাতে পারবে না। আমরা কেউ অনুপ্রবেশকারী নই, আমরা কেউ রোহিঙ্গা নই।”

আবার উত্তর ২৪ পরগনার একাংশে মতুয়ারা যেমন থাকেন, তেমনি সংখ্যালঘু অধ্যোষিত বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রও আছে। সেই জেলায় খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল ৭ লক্ষ ৯২ হাজারের উপর। চূড়ান্ত তালিকায় দেখা গেল নাম বাদ গেছে আরও ১ লক্ষ ৪২ হাজার ২৯৭ জনের।
আবার দক্ষিণ ২৪ পরগনায় খসড়া তালিকায় ৮লক্ষ ১৮ হাজার ৪৩২ ভোটারের নাম বাদ গিয়েছিল, শনিবারের চূড়ান্ত তালিকায় দেখা গেল ৮৭ হাজার ৫৪৮ জন ভোটারের নাম বাদ গিয়েছে। অর্থাৎ এই চার জেলায় অন্যান্য ধর্মাবলম্বীদের পাশাপাশি সংখ্যালঘুদের নামও বাদ গিয়েছে অনেক।

রাজ্য বিজেপি-র সহ-সভাপতি তাপস রায় বলেন, “ওদের এনে বরঞ্চ কয়েকটা ব্রিগেড করিয়ে দিক, যা বাদ যাওয়ার সংখ্যা বলছে, সেটা দিয়ে তো ব্রিগড হয়ে যাবে!”

শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও ৬০ লক্ষ ভোটারের নথিপত্র খতিয়ে দেখছেন বিচারকরা। ফলে আরও কার কার নাম তালিকায় যোগ হবে, তা ধাপে ধাপে প্রকাশ করা হবে।



Post Comment