বিজয়ের প্রেয়সী, অনুরাগীদের চোখের মণি! রশ্মিকার সঙ্গে কেমন সম্পর্ক শ্বশুরবাড়ির?
কলকাতা: উদয়পুরের বিলাসবহুল রিসর্টে স্বপ্নের মতো বিয়ে। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল… পাশাপাশি মন ছুঁয়ে গেল সবার। নেটদুনিয়া বলল, এ যেন শিব পার্বতীর জুটি! রিল থেকে রিয়েলে পরিণতি পেল তাঁদের সম্পর্ক। সাত পাকে বাঁধা পড়লেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)। বলিউডি বিয়ে নয়, নায়ক নায়িকা যেন মনে করিয়ে দিলেন রামায়ণ মহাভারতের যুগের সেই বিবাহকে। ঐতিহ্যে, সাজে, রীতিনীতিতে.. সবার থেকে আলাদা হয়ে রইলেন বিজয় আর রশ্মিকা।
কেবল বিজয়ের নয়, বিজয়ের পরিবারের ও খুব প্রিয় রশ্মিকা। সোশ্যাল মিডিয়া বিজয়ের ছোট ভাই, আনন্দ দেবরকোন্ডা একটি মিষ্টি পোস্ট শেয়ার করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, বিবাহ আসরে উপস্থিত ছিলেন বিজয়ের ভাই, আনন্দ। বিজয় ও রশ্মিকাকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আনন্দ লিখেছেন, অনেকবার এমন হয়েছে যে অনুরাগীরা চিৎকার করে বলত, ‘ভাদিনা, এলা উনারু?’ এবং আমি বুঝতে পারতাম না, কীভাবে এর প্রতিক্রিয়া জানাব। আজ আমার দাদার বিয়ে হয়েছে, এবং আমি আমার ভাদিনা হিসাবে একজন খুবই ইতিবাচক এবং সহানুভূতিশীল মানুষকে পেয়েছি। আমি প্রার্থনা করি যে ওঁরা সারা জীবন এভাবেই হাসিখুশি থাকুক। জীবনভর একসঙ্গে থাকুক!’ এই পোস্টের ক্যাপশনে আনন্দ তামিল ভাষায় একটি লাইন লিখেছেন, ‘ভাদিনা, এলা উনারু’, এই লাইনের বাংলা অর্থ হল ‘বৌদি, কেমন আছেন’। আসলে ‘ভাদিনা’- শব্দের অর্থ হল বৌদি অর্থাৎ দাদার স্ত্রী। এই পোস্টের মাধ্যমে আনন্দ আনুষ্ঠানিকভাবে রশ্মিকাকে বৌদি বলে ডেকেছেন। এর থেকেই বোঝা যায়, রশ্মিকাকে বিজয়ের পরিবার ও যথেষ্ট পছন্দ করেন।
অনুরাগীরা যেমন কল্পনা করেছিলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) -র বিয়ের সাজ, তাঁদের কার্যত চমকে দিলেন এই তারকা জুটি। বলিউডি ধাঁচ নয়, লেহঙ্গা নয়.. বিজয় আর রশ্মিকা তাঁদের বিয়ে জুড়ে আঁকড়ে রইলেন তাঁদের সংস্কৃতিকে, তাঁদের শিকড়কে। বহুমূল্য হীরে নয়, রশ্মিকা আর বিজয় তাঁদের বিয়েতে বেছে নিলেন সোনার গয়না। পোশাকেও রইল একাধিক চমক আর সেই সংস্কৃতিরই ছোঁয়া।
বিয়েতে লাল সাদা রঙে সেজেছিলেন বিজয় আর রশ্মিকা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল, সাদা ধুতি ও লাল রঙের ওপর সোনালী জমকালো করা উত্তরীয়। সঙ্গে বাজুবন্ধ থেকে শুরু করে লম্বা হার-সহ, সোনার ভারি গয়না। অন্য দিকে, সোনালী কাজ করা, লাল টুকটুকে রঙের শাড়ি বেছে নিয়েছিলেন রশ্মিকা। ব্লাউজ়েও জমকালো কাজ। মাথায় সোনার টায়রা আর গলায় একাধিক ভারী সোনার গয়নায় নজরকাড়া নতুন কনে। সব মিলিয়ে বিজয় রশ্মিকার বিয়ে হয়ে রইল স্বপ্নিল।



Post Comment