১০৭ রানে জ়িম্বাবোয়েকে ধ্বংস করে সুপার এইটে পয়েন্ট টেবিলের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ়

১০৭ রানে জ়িম্বাবোয়েকে ধ্বংস করে সুপার এইটে পয়েন্ট টেবিলের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ়

মুম্বই: টুর্নামেন্টে জায়ান্ট কিলার বলা হচ্ছিল তাদের। প্রথমে অস্ট্রেলিয়া, পরে শ্রীলঙ্কা – দুই শক্তিশালী দেশকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল জ়িম্বাবোয়ে। টি-২০ বিশ্বকাপে প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মূলত তাদের জন্যই।

সেই জ়িম্বাবোয়ের সুপার এইট পর্বের শুরুটা হল জঘন্যভাবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেল জ়িম্বাবোয়ে। চলতি টি-২০ বিশ্বকাপে রানের নিরিখে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। টি-২০ ক্রিকেটে রানের নিরিখে এটা ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

মুম্বইয়ে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ় তুলেছিল ২৫৪/৬। জবাবে ব্যাট করতে নেমে লড়াই করতে পারেনি জ়িম্বাবোয়ে। ১৪ বল বাকি থাকতে ১৪৭ রানে গুটিয়ে গেল জ়িম্বাবোয়ে। 

এত বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ় জেতায় চাপ বাড়ল ভারতের। ভারত যেহেতু সুপার এইটের প্রথম ম্যাচে হেরে গিয়েছে, টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভাল অঙ্ক হবে যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচও জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচের দুটি জিতলেই শেষ চারের দরজা খুলে যেতে পারে ভারতের। সূর্যকুমার যাদবদের ম্যাচ বাকি জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।

তবে ওয়েস্ট ইন্ডিজ় সোমবার এত বড় ব্যবধানে জিতল যে, রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল। দক্ষিণ আফ্রিকা রবিবার ভারতের বিরুদ্ধে ৭৬ রানে ম্যাচ জেতায় তাদের নেট রান রেট দাঁড়িয়েছে +৩.৮০০। তবে ওয়েস্ট ইন্ডিজ় ১০৭ রানে জেতায় তাদের নেট রান রেট হল +৫.৩৫০। পয়েন্ট সমান হলেও রান রেটে অনেকটা এগিয়ে থাকায় টেবিলে শীর্ষস্থানে পৌঁছে গেলেন ক্যারিবিয়ানরা। দক্ষিণ আফ্রিকা দুইয়ে। তিন নম্বরে ভারত। চারে জ়িম্বাবোয়ে।

টি-২০ বিশ্বকাপের নিয়ম হচ্ছে, সুপার এইটে আট দলকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। সেখান থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলবে। ভারতের সামনে পরীক্ষা আরও কঠিন হল। শুধু শেষ দুই ম্যাচে জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।

সোমবার ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের মূল কারিগর শিমরন হেটমায়ার। দুবার ক্যাচ পড়ার পর যিনি ৩৪ বলে ৮৫ রান করলেন। হাফসেঞ্চুরি রোভম্যান পাওয়েলের। জবাবে একমাত্র ব্র্যাড ইভান্স (২১ বলে ৪৩ রান) ছাড়া কেউই রান পাননি। ক্যারিবিয়ান স্পিনার গুদাকেশ মোতি ২৮ রানে চারটি ও আকিল হুসেন ২৮ রানে তিনটি উইকেট নেন।

Previous post

SIR in West Bengal: ৬০ লাখ SIR অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা! ২৮ ফেব্রুয়ারি কি তালিকা প্রকাশ? স্পষ্ট জানাল কমিশন

Next post

SIR in West Bengal: SIR বিচারে নিরাপত্তা আশঙ্কায় চিঠি জুডিশিয়াল অফিসারদের, কমিশনকে গাফিলতি এড়াতে বড় নির্দেশ হাইকোর্টের

Post Comment

You May Have Missed